সরকারি অর্থ আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান ও সচিব গ্রেপ্তার

১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারের ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের দায়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন ও ইউনিয়নের সাবেক সচিব মো. রিয়াজুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার শহরের কলাতলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক ( ওসি তদন্ত) মো. খায়েরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুরে চেয়ারম্যানসহ দুজনকে কক্সবাজার আদালতে হাজির করে দুদক। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন-চট্টগ্রামের দুদক সমন্বিত জেলা কার্যালয় (কক্সবাজার) উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
দুদকের আইনজীবী আবদুর রহিম বলেন, ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন এবং সাবেক সচিব মো. রিয়াজুল হক (বর্তমানে তিনি সেন্টমার্টিন ইউপি সচিব) ইউনিয়নের জমি অধিগ্রহণের বিপরীতে ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারের ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাৎ করেন। দুদক দল তদন্ত করে এর সত্যতা পায়। এরপর এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আজিজ উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।