সরকারি অর্থে পারিবারিক কবরস্থান সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিভিন্ন অর্থবছরের টিআর প্রকল্পের চালের টাকা দিয়ে পারিবারিক কবরস্থান সংস্কার করেছেন আওয়ামী লীগের এক নেতা। ওই টাকা দিয়ে তিনি কবরস্থানের পাকা দেয়াল, মাটি ভরাট, ফটক—সবই করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন উপজেলার জারুইতলা ইউনিয়নে নিজ গ্রাম রোদারপুড্ডার ওই কবরস্থান তৈরি করেন। তিনি গ্রামে তাঁর নতুন বাড়ির নামে ৮ শতাংশ জায়গার ওপর উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ২০০৯-১০ অর্থবছরের চার মেট্রিক টন চাল, ২০১০-১১ অর্থবছরের পাঁচ মেট্রিক টন চাল ও ২০১২-১৩ অর্থবছরের তিন মেট্রিক টন চাল বরাদ্দ নিয়ে বিক্রি করে পারিবারিক ওই কবরস্থানের কাজে লাগান।
অভিযোগ আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে ইকবাল হোসেন প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্প অনুমোদন ও প্রকল্প কমিটির সভাপতি করেছেন নিজের ছোট ভাই, ভাতিজা ও নাতিকে। এভাবে টিআর প্রকল্পের চাল বরাদ্দ করে কবরস্থান সংস্কার করেছেন।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, গ্রামের কবরস্থানের সঙ্গে রাস্তার পূর্ব পাশে ৮ শতাংশ জায়গার চার পাশে পাকা দেয়াল। পশ্চিম পাশে একটি লোহার ফটকে তালা ঝুলছে।
এ সময় কথা হয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের চাচাতো ভাই ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। ৫০৯ দাগের ৮ শতাংশ গর্ত ভরাট করে এটি করা হয়েছে। আমার চাচাতো ভাই ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর সরকারি বিভিন্ন প্রকল্প দিয়ে নির্মাণ করেছেন।’
ইকবাল হোসেন মুঠোফোনে বলেন, কবরস্থানের জায়গায় গর্ত ছিল। সে কারণে টিআর প্রকল্পের চাল দিয়ে কবরস্থানের মাটি ভরাট, পাকা দেয়াল ও ফটক নির্মাণ করা হয়েছে। তবে এ কবরস্থানে গ্রামের অন্য লোককেও দাফন করা যাবে। ফটকে তালা কেন, এ প্রশ্নের জবাবে তিনি কবরস্থানটি সংরক্ষণ করার জন্য তালা দেওয়া হয়েছে বলে জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিয়ম অনুযায়ী পারিবারিক কবরস্থানে সরকারি বরাদ্দ দেওয়া যায় না। যে সময় ইকবাল হোসেন টিআর প্রকল্প বরাদ্দ নিয়েছেন, তখন তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান। সে কারণে প্রকল্পগুলোর কাজের তদারক বা তদন্ত করে দেখা হয়নি।