সরকারি ও ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি
গাজীপুর সিটি করপোরেশনের জয়েরটেক এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা এসব মাটি কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের জয়েরটেক এলাকায় ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি ও রাস্তার পাশের জায়গা থেকে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন প্রভাবশালী ব্যক্তিরা। ওই সব জমির মাটি কেটে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্ত করা হচ্ছে। এতে ঝুঁকির মধ্যে পড়ছে আশপাশের এলাকা। ভেঙে যাচ্ছে সরকারি রাস্তা। ধ্বংস হয়ে যাচ্ছে কৃষিজমি। প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এভাবে মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ ব্যাপারে এলাকাবাসীর কোনো অভিযোগ আমলে নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকার রেফাজ উদ্দিন, আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এতে কেউ বাধা দিলে মামলা-মোকদ্দমায় জড়ানোর ভয়ভীতি দেখানো হচ্ছে।
কোনাবাড়ী বাইমাইল এলাকার ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, প্রতি ট্রাক মাটি ইটভাটায় বিক্রি করা হয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়। প্রতি ট্রাক মাটি ইটভাটায় পৌঁছানো পর্যন্ত খরচ হয় এক থেকে দেড় হাজার টাকা। প্রতিদিন একটি খননযন্ত্র দিয়ে ৮০ থেকে ১০০ ট্রাক মাটি কেটে বিক্রি করে থাকেন মাটি ব্যবসায়ীরা।
জয়েরটেক এলাকার বাসিন্দা হাকিম উদ্দিন বলেন, কৃষিজমির মাটি কেটে ফেলায় এই এলাকা থেকে ফসলের আবাদ কমে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া এসব কৃষিজমি রক্ষা করা সম্ভব না।
রেফাজ উদ্দিন ও আনোয়ার হোসেন বলেন, সরকারি জমির মাটি কাটা হয় না। ব্যক্তিমালিকানার জমি থেকেই মাটি কাটা হচ্ছে। কিন্তু এর জন্য জমির মালিককে টাকাও দেওয়া হচ্ছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।