সরকারি ওষুধ বিক্রি, দোকান বন্ধ-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ওষুধ ও ইনজেকশন বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন ওষুধ রাখা এবং নিবন্ধন না থাকায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার মেম গলিতে ‘আর কে ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন।
মোহাম্মাদ রুহুল আমীন জানান, অভিযানে দেখা গেছে দোকানটির ৪০ শতাংশ ওষুধের মেয়াদ নাই। কিছু ওষুধের গায়ে মেয়াদ বা উৎপাদনের তারিখ উল্লেখ নেই। দোকানটিতে বিপুল পরিমাণে সরকারি ইনজেকশন ও ওষুধ পাওয়া গেছে। দোকান মালিক ওষুধ বিক্রির কোনো ধরনের লাইসেন্স বা অনুমতিপত্রও দেখাতে পারেননি। এসব কারণে দোকানটি বন্ধ করে মালিককে জরিমানা করা হয়েছে।
নির্বাহী হাকিম আরও জানান, মেয়াদহীন ওষুধগুলো দোকানের তাকে থরে থরে সাজানো ছিল। আর দোকান মালিকের ধারণা ছিল, গলির ভেতরে কখনো ভ্রাম্যমাণ আদালতের অভিযান হবে না, সে কারণে তিনি সরকারি ওষুধও বিক্রি করে আসছিলেন।