সরকারি ওষুধ বিক্রি, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের কারাদণ্ড
কুমিল্লার তিতাস উপজেলায় সরকারি ওষুধ বিক্রির দায়ে গতকাল সোমবার এক সহকারী স্বাস্থ্য পরিদর্শককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নারান্দিয়া ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাউছার আহমেদ।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকিমা বেগম বলেন, গতকাল দুপুরে কাউছার আহমেদকে উপজেলার আসমানিয়া বাজারে তাঁর মালিকানাধীন আর কে ফার্মেসি থেকে আটক করা হয়। এ সময় ওই ফার্মেসি থেকে সরকারি ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি ওষুধ মজুত, বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার দায়ে কাউছারকে তিন মাসের কারাদণ্ড দেন এবং এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানের সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক অহিদুল রহমান উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবপ্রসাদ ভট্টাচার্য বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।