সরকারি ওষুধ বিক্রির দায়ে দোকান বন্ধ
মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, সরকারি ওষুধ বিক্রি, অনুমোদনহীন ভারতীয় ওষুধ, ভায়াগ্রা বিক্রিসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রামে ‘জয় ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন এয়াকুবনগর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, সরকারি ওষুধ বিক্রির জন্য দোকানটিকে এর আগেও জরিমানা করা হয়েছিল। সরকারি ওষুধ বাইরে বেচাকেনা অপরাধ। কিন্তু তারপরও তারা এ কাজ বন্ধ করেনি। জিজ্ঞাসাবাদে মালিক জানিয়েছেন, বেশি লাভের আশায় নগরের হাজারী গলি থেকে তিনি কম দামে সরকারি ওষুধ কেনেন। দোকানটির লাইসেন্সের মেয়াদও অনেক আগে শেষ হয়ে গেছে। এ ধরনের অনিয়ম পাওয়ায় দোকানটি বন্ধ করে এর মালিক নেপাল বিশ্বাসকে জরিমানা করা হয়েছে।