সরকারি ওষুধসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট গ্রেপ্তার
বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রুহুল আমিনকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যা ব। গত বুধবার রাতে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার নতুন হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যা ব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রুহুল আমিন নজিপুর নতুন হাট এলাকায় অবস্থিত দ্য স্কয়ার জেনারেল হাসপাতালের মালিক।
র্যা ব সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে রুহুল আমিন পরিচালিত ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ক্লিনিক থেকে সরকারি হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ দেওয়া বিক্রয় নিষিদ্ধ স্যালাইন, গজ ব্যান্ডেজ, প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন রি-এজেন্ট ও বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে পত্নীতলা থানা-পুলিশের কাছে র্যা ব-৫ এসব উপকরণ হস্তান্তর করে। পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন বলেন, রুহুল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুর রহমান বলেন, রুহুল আমিন স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট। তবে সম্প্রতি হাসপাতালের স্টোরকিপার না থাকায় তিনি স্টোরকিপারের দায়িত্বও পালন করছিলেন।