সরকারি ওষুধের বিনিময়ে আসত ফেনসিডিল!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ সরকারি ওষুধসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রামটি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আজ মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়।
স্থানীয় পুলিশ বলছে, ফেনসিডিলের বিনিময়ে এই ওষুধ ভারতে পাচার করার জন্যই মজুত করা হয়েছিল, এমন তথ্য তাদের কাছে রয়েছে।
আটক ব্যক্তির নাম কাইছার হোসেন টিটু(৩৩)। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামে।
র্যাব-৫ এ কর্মরত স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, ভোর পাঁচটার দিকে কাইছার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের বাড়ির ভেতরে ঢুকতে দেখেই কাইছার দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁকে ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূর থেকে ধরা হয়। তারপর তাঁর ঘর তল্লাশি করে সরকারি হাসপাতালের জন্য সরবরাহকৃত অমিপ্রাজল ও ক্লক্সাসিলিন ক্যাপসুল এবং অ্যামোক্সাসিলিন সাসপেনস উদ্ধার করেছেন। এগুলোর প্রত্যেকটির গায়েই লেখা রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ: ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়।’
স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, গোদাগাড়ী থানার পুলিশ তাদের জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে চোরাকারবারিরা এই ওষুধ ভারতে পাচার করে বিনিময়ে ফেনসিডিল নিয়ে আসে। এসব ওষুধের মূল্য প্রায় দুই লাখ টাকা।
যোগাযোগ করা হলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সরকারি হাসপাতালের ওষুধের এ ধরনের চালান ভারতে পাচার করার উদ্দেশে সীমান্তবর্তী এলাকায় মজুত করার খবর পেয়ে তিনি দুই দিন অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছেন। ধরার চেষ্টা চালাচ্ছিলেন। এরই মধ্যে র্যাব সেটাই ধরে ফেলেছে। তিনি বলেন, তাদের কাছে খবর আছে ফেনসিডিলের বিনিময়ে এই ওষুধ ভারতে পাচার করা হচ্ছে। তবে তাঁর ধারণা, ওষুধগুলো চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে আনা হতে পারে।
র্যাবের হাতে আটক কাইছার হোসেনের নামে ফেনসিডিল পাচারের দুটি মামলা রয়েছে। জানতে চাইলে তিনি মামলার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, তার মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। এগুলো ষড়যন্ত্রমূলক মামলা। তাঁর এলাকার একজন ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে। ওই ইউপি সদস্যই তাঁর বাড়িতে ওষুধ রেখে গেছেন।
ওষুধ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, ওই ইউপি সদস্যই জানেন। ওষুধগুলো ভারতে পাচার করা হবে নাকি দেশেই বিক্রি করা হবে-জানতে চাইলেও তিনি বলেন, ওই ইউপি সদস্যই সব জানে।
মোবাশ্বের রহিম জানান, নিজের বাঁচার জন্য কাইছার হোসেন এখন অন্য মানুষের নাম বলছেন। ওই ইউপি সদস্য সম্পর্কে তাঁরা খবর নিয়েছেন।