সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাহাঙ্গীর আলম নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সরকারি কর্মকর্তাকে মারধর করার অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আলম (৩৫) ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য। তাঁর বিরুদ্ধে যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো. এবায়দুল ফকিরকে মারধর করার অভিযোগে মামলা হয়েছে। এবায়দুল ফকিরই গত বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, গতকাল শুক্রবার সকালে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। যুব উন্নয়ন কার্যালয় এই কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৮২টি আবেদন জমা পড়েছে। বর্তমানে আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত করার কাজ চলছে। আগামী মঙ্গলবার থেকে চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
এই কার্যক্রমের সঙ্গে যুক্ত যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা এবায়দুল ফকির। তাঁর করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন কার্যালয়ে ঢুকে জাহাঙ্গীর আলম চূড়ান্ত তালিকায় তাঁর লোকজনের নাম আছে কি না জানতে চান। একপর্যায়ে তালিকাটি তাঁকে দেখানোর নির্দেশ দেন। কিন্তু তালিকা দেখতে না দিলে তিনি এবায়দুল ফকিরের ওপর চড়াও হন এবং কিল-ঘুষি মারতে থাকেন। তাঁর চিৎকার শুনে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ছুটে এসে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
খবর পেয়ে ওই কার্যালয়ে পুলিশ যায়। এ সময় এবায়দুল ফকিরের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ জাহাঙ্গীরকে উপজেলা পরিষদের কাছাকাছি এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জাহাঙ্গীরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।