সরকারি কর্মকর্তাকে মেরে 'তেমন কিছুই না'
জাল কাগজপত্রে দরপত্র জমা দিয়ে কাজ না পেয়ে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় করা মামলা ‘বড় ভাইদের’ উদ্যোগে ‘আপসনামার’ মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করছেন আসামিরা। মামলার অন্যতম আসামি বলছেন, ‘ঘটনাটি তেমন কিছুই না।’ মামলার বাদী ওই প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, শুধু হামলা নয়, তাঁর চোখ পর্যন্ত উপড়ে নেওয়া চষ্টা করা হয়। কর্মকর্তা বলেন, কোনো আপসনামায় তিনি সই করেননি। আপসের প্রশ্নও ওঠে না।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজ প্রকল্পের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক মো. আজিজুল ইসলামের ওপর গত ১০ ডিসেম্বর খামারবাড়িতে তাঁর দপ্তরেই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরদিন রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন তিনি। মামলার এজাহারে বলা হয়, হাবিবুর রহমান মোল্লা ও মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হাবিবুর রহমান কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষিবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং মাহবুবুর রহমান কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতা।
জানা গেছে, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্পের জন্য গত বছরের অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। জমা হওয়া ৩৬টি দরপত্র যাচাইবাছাই শেষে ১২টি গৃহীত হয়। দরপত্রে অংশ নেওয়া হাবিবুর রহমানের প্রতিষ্ঠানের কাগজপত্র পিপিআর (গণখাতে ক্রয়বিধি) অনুযায়ী ঠিক না থাকায় এবং ৬৪ লাখ টাকার একক কাজ করার পূর্ব অভিজ্ঞতার সনদ জাল থাকায় দরপত্র মূল্যায়নে অযোগ্য বিবেচিত হয়। এতে ক্ষুব্ধ হন হাবিবুর রহমান।
আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাবিবুর রহমান মোল্লা একাধিকার আমার কার্যালয়ে এসে আমাকে হুমকি দেন। তাঁর প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার দাবি জানান। না দেওয়ায় হাবিবুর ও মাহবুবুরের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটাসহ হামলা চালায়। আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। পরে আমার সহকর্মীরা এগিয়ে এলে তারা চলে যায়। ওই ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরদিন আমি থানায় মামলা করি।’
মামলা হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) দিদার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি যত দূর জানি দুই পক্ষই থানায় আপসনামা দিয়েছে। সে কারণে ফাইনাল রিপোর্ট দিয়ে দেব।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রকল্প পরিচালক মামলা করার পর হাবিবুর রহমান মোল্লাও আরেকটি মামলা করেন। তারপর দুই পক্ষই থানায় এসে আলোচনায় বসেছিল। সেখানে তাঁরা বিষয়টি নিয়ে আপসনামায় সই করেছেন। যেহেতু মামলাটি আপসযোগ্য, তাই আমরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছি।’
অবশ্য আজিজুল ইসলামের দাবি, ‘মামলাটি হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। আমি কোনো আপসনামায় সই করিনি। বৈঠকে গিয়ে উপস্থিতির বিষয়ে সই করেছি।’
হাবিবুর রহমান মোল্লার সঙ্গে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। জানা গেছে, তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। আরেক আসামি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি তেমন কিছুই না। আসলে দুপক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি। আমাদের বড় ভাইয়েরা (কৃষিবিদ ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ নেতারা) সবার সঙ্গে বসে বিষয়টির সমাধান দিয়েছেন। আপসনামার কপি থানা থেকে শুরু করে সব জায়গায় দেওয়া হয়েছে।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় প্রথম আলোকে বলেন, প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়াতেই বিষয়টি সমাধান হবে।
মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রাণীসম্পদ) মো. আলী নূর আপসনামার বিষয়ে জানেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগী যদি আপস করতে রাজি হয় তাহলে মন্ত্রণালয়ের কিছু করার থাকে না।