সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনা আপসের চেষ্টা
দরপত্র জমা দিয়ে কাজ না পাওয়ায় কৃষিবিদ ইনস্টিটিউশনের দুই নেতা তাঁদের দলবল নিয়ে এক সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। এ নিয়ে মামলা হয় তেজগাঁও থানায়। অভিযোগ, বাদীর আপত্তির পরও ওই মামলাটি আপস করার চেষ্টা করছেন আসামিরা।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজ প্রকল্পের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক মো. আজিজুল ইসলামের ওপর গত ১০ ডিসেম্বর খামারবাড়িতে তাঁর দপ্তরেই এ ঘটনা ঘটে। হামলার পর মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরদিন তিনি রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, হাবিবুর রহমান মোল্লা ও মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়।
হাবিবুর রহমান কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষিবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং মাহবুবুর রহমান কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতা। জানা গেছে, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্পের জন্য গত বছরের অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। জমা হওয়া ৩৬টি দরপত্র যাচাই-বাছাই শেষে ১২টি গৃহীত হয়। দরপত্রে অংশ নেওয়া হাবিবুর রহমানের প্রতিষ্ঠানের কাগজপত্র দরপত্র মূল্যায়নে অযোগ্য বিবেচিত হয়। এতে ক্ষুব্ধ হন হাবিবুর রহমান।
আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাবিবুর রহমান মোল্লা একাধিকবার আমার কার্যালয়ে এসে আমাকে হুমকি দেন। তাঁর প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার দাবি জানান। না দেওয়ায় হাবিবুর ও মাহবুবুরের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটাসহ হামলা চালায়। আমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। পরে আমার সহকর্মীরা এগিয়ে এলে তারা চলে যায়। ওই ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরদিন আমি থানায় মামলা করি।’
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রকল্প পরিচালক মামলা করার পর হাবিবুর রহমান মোল্লা পাল্টা মামলা করেন। তারপর দুই পক্ষই থানায় এসে আলোচনায় বসেছিল। সেখানে তাঁরা বিষয়টি নিয়ে আপসনামায় সই করেছেন। যেহেতু মামলাটি আপসযোগ্য, তাই আমরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছি।’
অবশ্য আজিজুল ইসলাম বলেছেন, ‘মামলাটি হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে। আমি কোনো আপসনামায় সই করিনি। বৈঠকে গিয়ে উপস্থিতির বিষয়ে সই করেছি।’
হাবিবুর রহমান মোল্লার সঙ্গে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। আরেক আসামি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি তেমন কিছুই না। আসলে দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি। আমাদের বড় ভাইয়েরা (কৃষিবিদ ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ নেতারা) সবার সঙ্গে বসে বিষয়টির সমাধান দিয়েছেন।’
জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় প্রথম আলোকে বলেন, প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়াতেই বিষয়টির সমাধান হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রাণিসম্পদ) মো. আলী নূর আপসনামার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন।