সরকারি কর্মকর্তার কার্যালয়ে আ.লীগের কর্মীদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গতকাল ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা l প্রথম আলো
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গতকাল ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা l প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য সাহায্য প্রকল্পের (ভিজিডি) তালিকা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার বিকেলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। এর আগে বোকাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ওই কর্মীরা।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বোকাইনগর গ্রামের প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বোকাইনগর ইউনিয়নের ভিজিডি কার্ডের জন্য দুই মাস আগে ২৮৯ জনের নামের তালিকা অনুমোদনের জন্য পাঠানো হয় প্রকল্পের সদস্যসচিব ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমীন সাহজাদীর কাছে। ইউএনও ওই প্রকল্পের সভাপতি। নামের তালিকা পাঠানোর পর থেকেই বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই তালিকার বিরোধিতা করে তাঁদের পছন্দের লোকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।
কিন্তু বোকাইনগর ইউপির চেয়ারম্যান হাবীবুল ইসলাম আওয়ামী লীগ নেতাদের কথা না রাখায় তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে গতকাল বিকেল চারটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির অনুগত নেতা-কর্মীরা উপজেলা পরিষদে এসে মহিলাবিষয়ক কর্মকর্তার কক্ষে ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা একটি কম্পিউটারসহ চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে একই দাবিতে বোকাইনগর ইউপি কার্যালয়ে তালা লাগান ওই কর্মীরা।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের সচিব কামরুল ইসলাম বলেন, কার্যালয়ে তালা লাগানোর বিষয়টি চেয়ারম্যান ও ইউএনওকে জানানো হয়েছে।
চেয়ারম্যান হাবীবুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউএনও দূর-রে শাহওয়াজ বলেন, ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলা করবেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।