সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ওই কার্যালয়ের একজন মহিলা কর্মচারীসহ কয়েকজন কর্মচারীর স্ত্রী। এ ব্যাপারে ভুক্তভোগী মহিলারা চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে গত ২৭ মে লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো–অর্ডিনেটর মোজাম্মেল হক এক যুগ ধরে এই কার্যালয়ে আছেন। কার্যালয়ের ঝাড়ুদার মিনারা বেগম অভিযোগ করেন যে ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে তাঁকে যৌন হয়রানি করছেন। একই কার্যালয়ের বাবুর্চি বেলায়েত হোসেনের স্ত্রী জেসমিন আক্তার ও সহকারী বাবুর্চি আলমগীরের স্ত্রী বিউটি আক্তারও বিভিন্ন সময় মোজাম্মেল হক তাঁদের যৌন হয়রানি করেন বলে লিখিত অভিযোগে জানান।
মিনারা বেগম অভিযোগ করেন, মোজাম্মেল হক বিভিন্ন সময় তাঁর ঘরে ঢুকে তাঁকে কুপ্রস্তাব দেন এবং যৌন হয়রানি করেন। জেসমিন আক্তার ও বিউটি আক্তার জানান, মোজাম্মেল হকের কারণে তাঁরা স্টাফ কোয়ার্টারের ঘরের দরজা কখনো খোলা রাখতে পারছেন না। খোলা পেলেই তিনি ঘরে ঢোকেন।
আলমগীর নামে এক কর্মচারী অভিযোগ করেন, গত ৮ মে কার্যালয়ের এমএলএসএস নুরুল আলমের পাঁচ বছরের শিশুকন্যাকে মোজাম্মেল হক সামান্য কারণে শারীরিক নির্যাতন করেন।
অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন ২ জুন মোজাম্মেল হকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর মোজাম্মেল হকের মুঠোফোনে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ঝাড়ুদার মিনারা বেগম এবং দুই কর্মচারীর স্ত্রীদের তিনি যৌন হয়রানি করেননি। তিনি কোনো শিশুকেও নির্যাতন করেননি। বিরোধী দল করায় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁদপুরের উপপরিচালক মো. সামছুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানি, আর্থিক অনিয়ম এবং কর্মচারীদের সঙ্গে অনৈতিক ও অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু বিভিন্ন কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘মোজাম্মেল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’