সরকারি কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের উপপরিচালক সুমন কুমার পাণ্ডের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী অনামিকা চক্রবর্তী। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
সুমন কুমার পাণ্ডের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামে। অনামিকা মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের রমেন্দ্রনাথ চক্রবর্তীর মেয়ে।
সংবাদ সম্মেলনে অনামিকা বলেন, ২০০১ সালে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে দুই লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। পরে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। এ নিয়ে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে হয়।
গত বছরের ২ নভেম্বর সুমন তাঁকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর ২৩ নভেম্বর তিনি মামলা করেন। তাঁর অনুমতি ছাড়া সুমন আবার বিয়ে করায় গত ৩ ফেব্রুয়ারি তিনি আরেকটি মামলা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছেও তিনি লিখিত অভিযোগ করেন।
এসব অভিযোগের বিষয়ে গতকাল সন্ধ্যায় সুমন কুমার পাণ্ডের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি তা ধরেননি।