সরকারি কর্মকর্তার হাত কাটার কারণ এখনো অজানা
দুই দিন পেরিয়ে গেলেও কুষ্টিয়ায় সরকারি কর্মকর্তা নিপুণ কুমার নন্দীর হাত কেটে নেওয়ার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনার কারণও জানতে পারেনি পুলিশ।
গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভেড়ামারা পাটবীজ উৎপাদন কেন্দ্রের উপসহকারী পরিচালক নিপুণ কুমার নন্দীর ডান হাত কেটে ফেলে দুর্বৃত্তরা। তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার বিকেলে বিএডিসি পাটবীজ বিভাগের উপপরিচালক গৌতম কুমার কুণ্ডু বাদী হয়ে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে ভেড়ামারা মডেল থানায় মামলা করেছেন।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান প্রথম আলোকে বলেন, তথ্য দেওয়ার মতো কোনো বিষয় এখনো জানা যায়নি। কোনো গ্রেপ্তারও নেই। তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। নিপুণ কুমারের সঙ্গে কথা বলে ঘটনাসহ অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
নিপুণের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী সায়েদ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিপুণের জ্ঞান ফিরেছে। তিনি তরলজাতীয় খাবার খেতে পারছেন। তবে হাতের অবস্থা দেখে বিমর্ষ হয়ে পড়ছেন।
পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, নিপুণ বিপদ ও ঝুঁকিমুক্ত। রোববার তাঁর হাতে ড্রেসিং করানো হতে পারে।