লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়াসহ চারটি অভিযোগে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার বিজিবির পাটগ্রাম সদর কোম্পানির হাবিলদার আতাউর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাফুজ আলম বলেন, বিজিবি সরকারি কাজে বাধা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, হত্যার উদ্দেশ্যসহ চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করেছে। এতে ব্যবসায়ী জাহিদুল ইসলামসহ দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট বাজারের ব্যবসায়ী জাহিদুল ইসলাম শমসেরপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তামাক নিতে তা ভ্যানে নিজ গুদামে নিচ্ছিলেন। শমসেরপুর গ্রামে বিজিবির একটি টহল দল ভ্যানটি আটক করে ক্যাম্পে নিয়ে যেতে চাইলে ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল খালেক ও গ্রামবাসী বাধা দেয়। খবর পেয়ে বিজিবির সদর কোম্পানি কমান্ডার মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ঘটনাস্থলে হাজির হন। তাঁরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ বিজিবি এলাকাবাসীর ওপর গুলি চালায়।
এতে শমসেরপুর গ্রামের জাহেদুল ইসলাম (২৬), একই গ্রামের রতন (২৩) ও পানবাড়ি গ্রামের সফিকুল ইসলাম (২৫) গুলিবিদ্ধ হন। তাঁরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে বুধবার প্রথম আলোতে ‘তামাক জব্দের ঘটনায় বিজিবির গুলি, আহত ৩’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই পাটগ্রামের ইউএনওর কার্যালয়ে বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়কসহ স্থানীয় পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ইউএনও রফিকুল হক বলেন, এ ব্যাপারে সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।