চট্টগ্রামে এক সরকারি কৌঁসুলির বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মামলা পরিচালনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হিযবুতের এক কর্মীর পক্ষে মামলা লড়তে যান জেলা আদালতের সরকারি কৌঁসুলি মানস দাশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরেক সরকারি কৌঁসুলি আইনমন্ত্রী বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ (চিঠি) পাঠিয়েছেন।
অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ, জেলা ও মহানগর সরকারি কৌঁসুলি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে।
লিখিত অভিযোগে সরকারি কৌঁসুলি মো. নোমান চৌধুরী উল্লেখ করেন, নগরের বাকলিয়া থানায় সন্ত্রাস দমন আইনে হিযবুত তাহরীরের কর্মী হাবিবুন নবীর বিরুদ্ধে করা মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার চলছে। গতকাল সুবল কান্তি নাথ ও আল আমিন নামের দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০১৪ সালের ২৬ অক্টোবর বাকলিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তারের সময় তাঁরা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে সুবল সদরঘাটে এবং আল আমিন ডবলমুরিং থানায় কর্মরত আছেন।
সরকারি কৌঁসুলি মো. নোমান চৌধুরী বলেন, দুই সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ার পর আসামির পক্ষের আইনজীবী হিসেবে তাঁদের জেরা করতে আদালতে দাঁড়ান জেলা আদালতের সরকারি কৌঁসুলি মানস দাশ। এটি নীতি-নৈতিকতাবহির্ভূত। সরকারি আইন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন তিনি। জেরা করা থেকে বিরত থাকার জন্য তাঁকে অনুরোধ করা হলেও তিনি বিরত থাকেননি। উল্টো হুমকি দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে গতকাল সন্ধ্যায় মানস দাশ প্রথম আলোকে বলেন, তাঁর এক কনিষ্ঠ আইনজীবী অনুরোধ করায় তিনি আসামিপক্ষে জেরা করতে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে যান। এটি হিযবুত তাহরীরের মামলা তিনি জানতেন না। আদালত তাঁকে জেরা করতে বারণ করায় তিনি সাক্ষীকে জেরা করেননি। তাঁর দাবি, কৌঁসুলি নোমানকে তিনি কোনো হুমকি দেননি। সরকারি কৌঁসুলি হয়ে কেন আসামিপক্ষে মামলা লড়তে গেলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুরোধ উপেক্ষা করা যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের করা জঙ্গি মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনা করা যায় না।