সরকারি কোয়ার্টারে বহিরাগতদের বসবাস
রেলওয়ের সরকারি কোয়ার্টার বহিরাগতের ভাড়া দিয়ে লাখ লাখ টাকার ভাড়া আদায় হচ্ছে। এ ছাড়া কলোনির আঙিনার খালি জায়গায় অবৈধভাবে কাঁচা-পাকা ঘর, দোকানপাট নির্মাণ করে অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে। সেখানে পানি ও বিদ্যুতের সংযোগও নেওয়া হয়েছে অবৈধভাবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে এ তথ্য উদ্ঘাটন করা হয়েছে।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থার হটলাইন ১০৬-এ অভিযোগ পেয়ে ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়।
দুদক জানিয়েছে, সরেজমিন অভিযানে দুদকের দলটি শাহজাহানপুর রেলওয়ে কলোনির প্রায় প্রতিটি ভবনের বাসাগুলোতে বহিরাগতদের বসবাসের সত্যতা পায়। দলটি জানতে পারে, কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ও রেলওয়ে অফিসার্স কোয়ার্টার ঘেঁষে শাহজাহানপুর রেলওয়ে কলোনি এবং চট্টগ্রাম রেলওয়ে এলাকার প্রায় সব কর্মকর্তা-কর্মচারীই বাসা বরাদ্দ নিয়ে বহিরাগতদের ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন।
এ ছাড়া অনেক কোয়ার্টারের আঙিনা ও আশপাশের খালি জায়গায় নির্মাণ করা হয়েছে কাঁচা-পাকা অনেক ঘর, দোকানপাট। অবৈধভাবে ভাড়া দেওয়া এসব বাসায় পানি ও বিদ্যুতের সংযোগও অবৈধভাবে দেওয়া হয়েছে মর্মে প্রাথমিক প্রমাণ পায় দুদক দল। দলটি পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করবে বলে জানিয়েছে।
আইডিয়াল স্কুলে অভিযান
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ ক্লাসের নামে বাধ্যতামূলকভাবে টাকা আদায়ের অভিযোগ পেয়ে সেখানে আরেকটি অভিযান চালিয়েছে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত দলটি এই অভিযান চালায়। সরেজমিন অভিযানে দলটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং যাচাই-বাছাইয়ের জন্য তথ্য সংগ্রহ করে। পাওয়া তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন তুলে ধরবে দলটি।