সরকারি কৌঁসুলিকে 'সেরা ঘুষখোর' বলায় মামলা
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়াকে ‘সেরা ঘুষখোর’ বলার অভিযোগে জেলা আওয়ামী লীগের নেতা মো. বদিউজ্জামান বাদশার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে।
আজ বুধবার দুপুরে পিপি গোলাম কিবরিয়া বাদী হয়ে শেরপুরের আমলি আদালতে এ মামলা করেন। পরে বিকেলে মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে বদিউজ্জামান বাদশা আইনজীবী গোলাম কিবরিয়া সম্পর্কে কটূক্তি করেন। বক্তব্যে গোলাম কিবরিয়াকে জেলা আওয়ামী লীগে স্থান না দেওয়াটা ভালো হয়েছে বলে উল্লেখ করে বদিউজ্জামান বলেছেন, ‘তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপির দায়িত্বের নামে জেলায় “সেরা ঘুষখোর” হিসেবে পরিচিতি পেয়েছেন। এজন্য স্পেশাল পিপির পদ থেকেও তাঁকে (গোলাম কিবরিয়া) অপসারণ করা প্রয়োজন।’
বদিউজ্জামানের ওই বক্তব্য জনসম্মুখসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ-প্রচার হওয়ায় আইনজীবী গোলাম কিবরিয়ার রাজনৈতিক, সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এ জন্য তিনি (গোলাম কিবরিয়া) আদালতের কাছে বদিউজ্জামানের বিরুদ্ধে সুবিচার প্রার্থনা করেন।
মামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য বদিউজ্জামান বাদশা আজ প্রথম আলোকে বলেন, ‘তাঁর (বদিউজ্জামান) বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে গোলাম কিবরিয়া তাঁর কালো কালিমা ঢেকে রাখার অপপ্রয়াস চালিয়েছেন মাত্র। তাঁর (গোলাম কিবরিয়া) অর্থনৈতিক কেলেংকারির কথা নালিতাবাড়ীর সবাই জানেন।’
এদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের পেশকার মো. ছামিউল হক আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা সংবলিত মামলার নথি সদর থানায় পাঠানো হয়েছে।