সরকারি কৌঁসুলির বাড়ি অবরোধ করে রেখেছেন নেতার অনুসারীরা
জামালপুরে বিচারিক হাকিম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আহসান উল্লাহর বাড়ি তিন দিন ধরে অবরোধ করে রাখা হয়েছে। এক আওয়ামী লীগ নেতার অনুসারীরা এ অবরোধ করে রেখেছেন।
আহসান উল্লাহর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও ঢাকার তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আবদুল হান্নানকে কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ তাঁর পদ থেকে সরিয়ে দেন। উপাধ্যক্ষ পদে হান্নানের স্থলে অধ্যক্ষ রশিদ তাঁর ছোট ভাই সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদকে নিয়োগ দেন। এ নিয়ে হান্নানের ছোট ভাই ও জেলা বিচারিক হাকিম আদালতের এপিপি মোহাম্মদ আহসান উল্লাহর সঙ্গে হারুন অর রশীদের মুঠোফোনে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে হারুন অর রশীদ গত বৃহস্পতিবার রাতে তাঁর লোকজন দিয়ে দু-দফায় মোহাম্মদ আহসান উল্লাহর সরিষাবাড়ী পৌরসভাস্থ কামরাবাদের বাসায় গিয়ে আসবাব ভাঙচুর করেন। এ ছাড়া বাসাটি তাঁর (হারুন অর রশীদ) অনুসারীরা গত বৃহস্পতিবার থেকে অবরোধ করে রাখেন।
এদিকে গতকাল শনিবার সকাল ১০টায় হারুন অর রশীদের অনুসারীরা সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে কর্মরত হান্নানের ছোট ভাই প্রভাষক শহীদুর রহমানকে চাকরি থেকে সরিয়ে দিতে অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফকে হুমকি দিয়ে আসেন। অধ্যক্ষ রউফ প্রভাষক শহীদুরকে কলেজ থেকে সরিয়ে দিতে আওয়ামী লীগের নেতার অনুসারীদের হুমকি বিষয়টি নিশ্চিত করেন।
এপিপি আহসান উল্লাহ জানান, ‘আমার বড় ভাই হান্নানকে তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ থেকে অবৈধভাবে সরিয়ে অধ্যক্ষ আবদুর রশিদ তাঁর ছোট ভাইকে বসিয়েছেন। আমি হারুনের সঙ্গে মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তর্কবিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হারুনের লোকজন আমাদের অবরোধ করে রেখেছেন।’ আহসানদের অবরোধ করে রাখার কথা অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, ‘বাপ-মাকে তুলে আহসান আমাকে গালিগালাজ করেছেন। নেতা-কর্মীরা শোনার পর একটু তাঁর বাসায় গিয়েছিল। আর কিছু নয়।’ তবে অধ্যক্ষ আবদুর রশিদ জানান, হান্নান কলেজে নিয়মিত আসেন না। এ কারণে তাঁকে সরিয়ে হারুন অর রশীদকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। সরিষাবাড়ীর থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, এপিপি আহসান উল্লাহর বাড়িতে আওয়ামী লীগের লোকজন হামলা করেছিলেন। তবে অবরোধের বিষয়টি তাঁর জানা নেই।