সরকারি খরচে ব্যক্তিগত রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুর্গাপুর গ্রামে সওজের নির্মাণসামগ্রী দিয়ে এই ব্যক্তিগত রাস্তা তৈরি করা হয়েছে। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুর্গাপুর গ্রামে সওজের নির্মাণসামগ্রী দিয়ে এই ব্যক্তিগত রাস্তা তৈরি করা হয়েছে। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সড়ক ও জনপথের (সওজ) রাস্তা নির্মাণের উপকরণ দিয়ে ব্যক্তিগত রাস্তার নির্মাণকাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিভাগীয় হিসাবরক্ষক তপন কুমার দাশকে আহ্বায়ক এবং রাজবাড়ী সওজের উপসহকারী প্রকৌশলী মির্জা নুরুল কবীরকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর বালিয়াকান্দি-মধুখালী সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংস্কারকাজের সময় তাঁদের সঙ্গে সওজের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা প্রকৌশলী ছিলেন না। এ সময় ওই সড়কের সংস্কারকাজ না করে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাবিবুল ইসলাম ওরফে লাল সরদারের বাড়িতে যাওয়ার জন্য ব্যক্তিগত রাস্তা তৈরি করা হয়। রাস্তাটি তাঁর বাড়ির সামনে থেকে বালিয়াকান্দি-মধুখালী সড়ক পর্যন্ত গেছে।
শনিবার দুপুরে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ব্যক্তিগত রাস্তাটি প্রায় ২০০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রস্থ। সরকারি বিটুমিন ও খোয়া দিয়ে এটি তৈরি করা হয়েছে। হাবিবুল ইসলাম সওজের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশে ৭ ও ৮ সেপ্টেম্বর রাস্তাটির কাজ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় অনেক কাঁচা রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। অথচ এলাকায় প্রভাবশালী হওয়ায় সরকারি খরচে ব্যক্তিগত রাস্তা তৈরি করা হচ্ছে।
হাবিবুল ইসলাম বলেন, ‘প্রায় ১৫ বছর আগে বাড়িতে যাওয়ার জন্য ইট ও বালু দিয়ে ব্যক্তিগতভাবে রাস্তাটি নির্মাণ করেছিলাম। এবার শুধু সরকারি বিটুমিন ও সামান্য খোয়া দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। বিষয়টি এত দূর যাবে বুঝতে পারিনি। বিষয়টি নিয়ে লেখালেখি না করাই ভালো।’
তদন্ত কমিটির সদস্যসচিব মির্জা নুরুল কবীর জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিগগিরই কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রাস্তা নির্মাণে কত টাকা খরচ হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী ফারহানা হুসনা জানান, তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।