সরকারি খাল কেটে পুকুর

ঝিনাইদহ সদর উপজেলার পোড়া-বাকড়ি গ্রামে সরকারি খাল কেটে পুকুর করছেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। খালের মধ্যে থাকা জলকপাটটিও (স্লুইচগেট) ভেঙে ফেলা হয়েছে।
গ্রামবাসী বলছেন, ১৫ দিন আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক ইলিয়াস আলী মিয়া পুকুর কাটা শুরু করলে এলাকাবাসী বাধা দেন। কিন্তু তিনি কারও কথা শোনেননি। জলকপাটের লোহার সামগ্রী নিয়ে গেছেন। এখন তিনি সেখান থেকে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে বালু তুলে বিক্রি করেছেন। এতে গ্রামের মধ্য দিয়ে যাওয়া গোয়ালপাড়া-ফাদিলপুর সড়কটি যেকোনো সময় ধসে পড়তে পারে।
সরেজমিনে দেখা গেছে, ওই খালটির অবস্থান ঝিনাইদহ সদর উপজেলার পোড়া-বাকড়ি গ্রামের উত্তর প্রান্তে। পাশের শৈলকুপা উপজেলার শেখরা গ্রাম থেকে বের হয়ে সাপখোলা গ্রাম হয়ে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে পৌঁছেছে।
পোড়া-বাকড়ি গ্রামের নওশের আলী জানান, প্রায় ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ খালটি কাটে। পোড়া-বাকড়ি, নরহরিদ্রা, দুর্গাপুর, সাপখোলা, শেখরা ও আশুরহাট গ্রামের মাঠগুলোয় সেচ দেওয়ার জন্য এ খালটি কাটা হয়। পোড়া-বাকড়ি গ্রামের উত্তর প্রান্তে নির্মাণ করা হয় একটি জলকপাট। এ কপাট দিয়ে পানি শেখরা ও আশুরহাট গ্রামের দিকে দেওয়া হতো। প্রয়োজনের সময় গেটটি খুলে ওই এলাকায় পানি নেওয়া হতো। এভাবে এলাকার কৃষকেরা চাষাবাদ করতেন।
নওশের আলী আরও জানান, কয়েক বছর ধরে খালে পানির প্রবাহ নেই। পলি জমে গেছে। এ কারণে এলাকার মানুষ এই খালে চাষাবাদ শুরু করে। কৃষকের স্বার্থে খালটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। তবে খালটি সংস্কার করেনি কর্তৃপক্ষ। এ সুযোগে খালের জায়গা দখল করে সেখানে পুকুর কাটা শুরু করেন পোড়া-বাকড়ি গ্রামের ইলিয়াস আলী মিয়া। ইতিমধ্যে খালের অনেকটা জায়গা দখল করে নিয়েছেন। খালের জলকপাট ভেঙে তাঁর পুকুরের মধ্যে নিয়ে নিয়েছেন। কপাটের মালামালও নিয়ে গেছেন।
ইলিয়াস আলী মিয়া জানান, তিনি নিজের জায়গায় পুকুর কাটছেন। এর মধ্যে পরিত্যক্ত খালের কিছু অংশ চলে এসেছে। তিনি বলেন, খালটি কাজে না আসায় তিনি এই পুকুর কেটেছেন। আর জলকপাটের মালামাল তিনি নেননি। আগে থেকেই এগুলো লোকজন খুলে নিয়ে গেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকারনাইন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে তিনি বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের সরেজমিনে দেখে প্রতিবেদন দিতে বলেছেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।