সরকারি খাল দখল করে মাছ চাষ করছেন ইউপি চেয়ারম্যান?

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত সরকারি ভাড়ানি খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর লোকজন এ কাজ করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৈদ্যপাশা গ্রামের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে খালটি পাশের গাজীপুরা দিয়ে পায়রা নদীর শাখার সঙ্গে মিশেছে। খালটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে দুই কিলোমিটার অংশে অন্তত ২০টি জায়গায় বাঁশের গড়া (বেড়া) দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন ও তাঁর লোকজন। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির ইজারা দেওয়া হয়নি। খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নানা প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে পশুপাখির মৃতদেহ। কয়েক বছর ধরে এভাবে মাছ চাষ করায় খালের পানি দূষিত হয়ে পড়েছে।
বৈদ্যপাশা গ্রামের মোসলেম ফকির প্রথম আলোকে বলেন, আগে দৈনন্দিন ঘরকন্নার কাজে এই খালের পানি ব্যবহার করা হতো। কিন্তু এখন পানি দূষিত হয়ে পড়েছে। পানি থেকে দুর্গন্ধ ছড়ায়। এখন চাষাবাদেও এ পানি ব্যবহার করা যায় না। এ পানিতে গোসল করায় এলাকার অনেকে চর্ম রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া পানিবাহিত রোগ দেখা দিয়েছে।
গতকাল শনিবার মুঠোফোনে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, খালের দুই পাড়ের মানুষ খুব গরিব। তারা এই খালের পানি সেচ দিয়ে কৃষিজমি চাষাবাদ করত। তা ছাড়া অনেকে খালের মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এখন চেয়ারম্যান ও তাঁর লোকজন এলাকার বাসিন্দাদের মাছ ধরার জন্য খালে নামতে দিচ্ছেন না। তিনি আরও বলেন, সরকারি খাল একজন জনপ্রতিনিধি অন্যায়ভাবে দখল করে আছেন। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে খাল দখলের এই অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকার কিছু যুবক যৌথভাবে খালে মাছ চাষ করছেন। এর সঙ্গে তিনি জড়িত নন।
ইউএনও শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই খালে মাছ চাষের কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। খালটি দখলমুক্ত করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে খালটি দখলমুক্ত করা হবে।