মাছ চাষের জন্য ইজারা নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে জেলা পরিষদের খাল ভরাট করা হচ্ছে। সেখানে স্থাপনা নির্মাণ করা হবে বলে জানা গেছে। এই ইজারাদারদের তালিকায় স্থানীয় সাংসদের স্ত্রী, ছেলেমেয়ে ও অন্তত সাতজন নিকটাত্মীয় রয়েছেন।
জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, তাড়াশ বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে নিমগাছী বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় জেলা পরিষদের খাল রয়েছে। গত তিন বছরে উপজেলায় মোট ৪৪ জন এ খাল ইজারা নিয়েছেন। ইজারাদারদের তালিকায় স্থানীয় সাংসদ ম. ম আমজাদ হোসেনের স্ত্রী হোসনে আরা ডেইজি, মেয়ে হোসনেয়ারা লাভলী, ছেলে জর্জিয়াস মিলন ও সাতজন নিকট আত্মীয় রয়েছেন। এ ছাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা পারভিনসহ প্রভাবশালীরা রয়েছেন। অনেকেই খাল ভরাট করে ইতিমধ্যে বাড়িঘর দোকানপাট নির্মাণ করেছেন। কেউ কেউ মাটি ভরাট শুরু করেছেন।
ইজারার কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাংসদের স্ত্রী ও ছেলেমেয়ের নামে গত অর্থবছরে ৭ হাজার ২০০ বর্গফুট জায়গা ইজারা নেওয়া হয়। ইতিমধ্যে তা নবায়ন করা হয়েছে। প্রায় এক মাস ধরে মাটি ফেলে ইজারা নেওয়া ওই জলাশয় ভরাট করা হচ্ছে।
জেলা পরিষদের ইজারার নিয়মানুযায়ী কোনোভাবেই ইজারা নেওয়া জলাধার ভরাট করা ও তাতে পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না।
২৮ জুলাই জানতে চাইলে সাংসদের স্ত্রী তাড়াশ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হোসনে আরা ডেইজি বলেন, তাঁর নামে জেলা পরিষদের কোনো জায়গা ইজারা নেওয়া হয়েছে কি না তা তিনি জানেন না।
সাংসদ ম ম আমজাদ হোসেন বলেন, ‘এ ধরনের ইজারা শুধু আমার স্বজনদের নামেই নয়, আরও অনেকের নামে নেওয়া হয়েছে। তাঁরা স্থাপনা নির্মাণ করেছেন। নিয়ম মেনেই সবকিছু করা হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাবুল মিয়া নামের এক ব্যক্তি জলাধার ভরাট করে দোতলা পাকা ভবন নির্মাণ করেছেন। গত শুক্রবার জানতে চাইলে বাবুল বলেন, নিচতলায় দোকান ভাড়া দেওয়া হয়েছে। দোতলায় নিজেই থাকতেন। তবে এখন আপাতত থাকেন না।
জেলা পরিষদের ভূমি ইজারা প্রদান শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পৌর এলাকায় শর্ত সাপেক্ষে ৪৪ জনের নামে জলাধার ইজারা দেওয়া হয়েছিল। শর্ত ভঙ্গ ও নবায়ন না করা এবং অবৈধভাবে ঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করায় ১০ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে। জলাধার ভরাট করে দোতলা ভবন নির্মাণ করায় একজনের ইজারা নবায়ন বন্ধ রাখা হয়েছে। ওই ব্যক্তিকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহবুব আলম বলেন, সরকারি বিধি না থাকলেও ইজারা গ্রহীতারা কেউ কেউ স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করছেন। স্থায়ী স্থাপনা নির্মাণের কারণে কারও কারও ইজারা বাতিল করা হয়েছে। অবশ্য স্থাপনা ভাঙা যায়নি। এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্লাবের নামে স্থাপনা!
সম্প্রতি একই এলাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা সৈনিক ক্লাবের নাম করে ফায়ার সার্ভিস ভবনের সামনের জায়গা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে স্থাপনা নির্মাণ বন্ধ হয়।
ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাড়াশ ফায়ার সার্ভিসের কার্যালয়ের প্রবেশপথের জায়গাটি জেলা পরিষদের। তাঁরা জায়গাটি ইজারার জন্য আবেদন করেন। কিন্তু সৈনিক ক্লাবকে অবৈধ উপায়ে ইজারা দেওয়া হয়। ওই ইজারা বাতিল করে জায়গাটি ফায়ার সার্ভিসকে দেওয়ার জন্য আবেদন করেছেন।
সৈনিক ক্লাবের সভাপতি মো. সাবেদ আলী বলেন, ‘নিয়মমাফিক ইজারা নিয়ে ক্লাবঘর নির্মাণ করতে চেয়েছিলাম।’