সরকারি খালে বালু ভরাট, ইউএনওকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বসুরবাগ খালের মুখ বালু দিয়ে ভরাট করা হয়েছে। ভরাটকৃত জায়গাটি দেখাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা। গতকাল সকালে তোলা ছবি l মনিরুজ্জামান
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বসুরবাগ খালের মুখ বালু দিয়ে ভরাট করা হয়েছে। ভরাটকৃত জায়গাটি দেখাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা। গতকাল সকালে তোলা ছবি l মনিরুজ্জামান

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বসুরবাগ খালের মুখে বালু ভরাট করে একটি কারখানা জায়গা দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, সোনারগাঁ পৌরসভার টিপুরদী, বসুরবাগ ও টাকুরবাগ এলাকা দিয়ে মেনিখালী নদ পর্যন্ত ছয় কিলোমিটার শত বছরের পুরোনো বসুরবাগ সরকারি খালের মুখ বালু ফেলে ভরাট করা হয়েছে। এভাবে এক মাস আগে এসিআই হেলথ কেয়ার লিমিটেড নামের একটি কারখানা কর্তৃপক্ষ খালের অংশটি দখল করে নিয়েছে। এতে এক মাস ধরে টিপুরদী, বসুরবাগ ও ঠাকুরবাগ গ্রামের কয়েক শ পরিবার মারাত্মক জলাবদ্ধতার মধ্যে পড়েছে। গ্রামবাসীর বাড়িঘরের বৃষ্টির পানি খাল দিয়ে নিষ্কাশন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বসুরবাগ গ্রামের বাসিন্দা সানাউল্লাহ মিয়া বলেন, কারখানা কর্তৃপক্ষের জবরদখলের কারণে গ্রামবাসী জলাবদ্ধতায় যে দুর্ভোগ পোহাচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের কাছে আমরা যাতে বাড়িঘর বিক্রি করে চলে যাই, সে জন্য কৌশলে খালের মুখটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

গতকাল সরেজমিনে দেখা যায়, খালের মুখ বালু ফেলে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ইট-বালু মজুত করেছে কারখানা কর্তৃপক্ষ।

পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘তিনটি গ্রামসহ পৌর এলাকার নয়টি গ্রামের পানিনিষ্কাশনের এ খালের মুখ দখল করে নেওয়া হয়েছে বলে আমি অভিযোগ পেয়েছি। দখলদার কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে খালের মুখ থেকে বালু অপসারণ করতে পৌরসভার প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি।’

এসিআই হেলথ কেয়ার লিমিটেডের প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ ফরহাদ চৌধুরী বলেন, ‘আমাদের কারখানার ভেতরের বালু গড়িয়ে গিয়ে খালের মুখের কিছু অংশ ভরাট হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বালু অপসারণ করার ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, গ্রামবাসীর স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।