সরকারি গাছ কাটলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে পৌর এলাকার একটি সড়কের পাশ থেকে সরকারি চারটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নেতা দাবি করেন, গাছগুলো তিনি লাগিয়েছেন। তাই কেটে নিয়েছেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় ১৯৬৩-৬৪ সালের দিকে তৎকালীন সরকার ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া এলাকায় সেচের পানিপ্রবাহের নালা নির্মাণ করতে ১ দশমিক ৭৪ একর, পানির পাম্পের জন্য ১৩ শতক ও পাম্প অপারেটরের বাসার জন্য ৩৩ শতক জমি অধিগ্রহণ করে গভীর নলকূপ স্থাপন করে, যা ৪৭ নম্বর গভীর নলকূপ নামে পরিচিত। ১৯৯০ সালে ওই এলাকার কৃষিজমিতে বসতি গড়ে উঠলে নলকূপের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পাউবো ঠাকুরগাঁও কার্যালয়ের সেচ পরিদর্শক আবদুল আজাদ জানান, নলকূপের কার্যক্রম বন্ধ হয়ে গেলে বছর পাঁচেক আগে অধিগ্রহণ করা জমি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে নেওয়া হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানান, পৌরসভা ২০০২ সালে নলকূপের জন্য অধিগ্রহণ করা জমিতে (পুরোনো কসাইখানা থেকে এনামুলের পেট্রলপাম্প পর্যন্ত) এক কিলোমিটারে ইটের সড়ক নির্মাণ করে। ২০১৪ সালে সড়কটি কার্পেটিং করা হয়।
এলাকাবাসী জানান, গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পৌর এলাকার গোয়ালপাড়ার অধিগ্রহণ করা জমিতে নির্মিত সড়কের পাশের একটি মেহগনিগাছ নজরুল ইসলাম কেটে নেন। গত ৩১ জানুয়ারি আবার তিনি তিনটি গাছ কেটে নিয়ে যান। ৪ ফেব্রুয়ারি তিনি আরেকটি গাছের ডালপালা কাটা শুরু করলে পৌর কর্তৃপক্ষ খবর পেয়ে সেখানে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।
ঠাকুরগাঁও পৌরসভার কলেজপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, কাটা গাছগুলোর বাজারমূল্য তিন লাখ টাকা হবে।
নজরুল ইসলাম দাবি করেন, ‘সড়কটি আমার জমির ওপর নির্মাণ করা হয়েছে। সড়কের পাশের গাছগুলোও আমি লাগিয়েছি। আমার গাছ আমি কাটছি, এতে কার কী বলার আছে?’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর আলম প্রধান বলেন, ‘সরকারি জমির গাছ কেটে নেওয়ার কথা এই মাত্র শুনলাম। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’