সরকারি গাছ কাটা নিয়ে বিরোধে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে গতকাল সকালে সরকারি গাছ কাটা নিয়ে​ বিরোধে দুজন খুন হন। পরে অভিযুক্ত এক ব্যক্তির বাড়িঘর পুড়িয়ে দেয় নিহতদের স্বজনেরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে গতকাল সকালে সরকারি গাছ কাটা নিয়ে​ বিরোধে দুজন খুন হন। পরে অভিযুক্ত এক ব্যক্তির বাড়িঘর পুড়িয়ে দেয় নিহতদের স্বজনেরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে ঝড়ে উপড়ে পড়া গাছ কাটা নিয়ে বিরোধে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ দুজন খুন হয়েছেন। জখম হয়েছেন চারজন। গতকাল শুক্রবার সকালে রঘুনাথপুর-সাদিপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল্লাহ মল্লিক (৫৪) ও স্থানীয় শমসের রহমান ওরফে বুধো (৫৭)। আহত ব্যক্তিরা হলেন নিহত আবদুল্লাহর ছেলে সুমন মল্লিক (২০), স্থানীয় আজগর আলী (৭০), নিহত শমসেরের নাতি আবদুল্লাহ (১৮) ও হাফিজুর রহমান (৫২)।
আহত ব্যক্তিদের মধ্যে সুমন ও আজগরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আবদুল্লাহকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং হাফিজুরকে শার্শার নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের ঝড়ে রঘুনাথপুর-সাদিপুর সড়কের সরকারি কয়েকটি গাছ উপড়ে পড়ে। সকালে রঘুনাথপুর গ্রামের কয়েকজন ওই গাছ কেটে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আবদুল্লাহর পক্ষের লোকজন এগিয়ে গেলে সংঘর্ষ বাধে। অপর পক্ষের লোকজন কুড়াল দিয়ে আবদুল্লাহ, বুধোসহ কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যান। আর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর শমসের মারা যান। পরে খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বাড়িঘর পুড়িয়ে দেন নিহত ব্যক্তিদের স্বজনেরা
নিহত আবদুল্লাহর ভাই শফিউল্লাহ হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে জানান, সরকারি গাছ বলে আবদুল্লাহ কাটতে বাধা দেন। এ সময় গ্রামের আলাউদ্দীন, ফুলসুদ্দিন, গিয়াস উদ্দীনসহ কয়েকজন কুড়াল দিয়ে আবদুল্লাহর ঘাড়ে কোপ দেন। এতে আবদুল্লাহ ও শমসের মারা যান। ঠেকাতে গেলে আত্মীয়স্বজনদের চারজনকে কুপিয়ে জখম করেন তাঁরা।
জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঝড়ে পড়ে যাওয়া সরকারি গাছ নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও চারজন আহত হন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ওসি জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।