সরকারি গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের পাঁচটি সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাবেক সাব-রেজিস্ট্রারসহ ছয়জনের বিরুদ্ধে। পাথরঘাটা প্রেসক্লাবে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এক দলিল লেখক এ অভিযোগ করেন।

দলিল লেখক মো. ফজলুল হক বেলা ১১টায় এ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩ জুন পাথরঘাটা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের রেইনট্রি, বাদাম, মেহগনিসহ পাঁচটি বড় গাছ কাটা হয়েছে। সাবেক সাব-রেজিস্ট্রার জসীম উদ্দিন তৌফিক এলাহী এ গাছ কাটার নির্দেশ দেন। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন প্রধান সহকারী মো. শাহজাহান, দলিল লেখক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, দলিল লেখক রফিকুল ইসলাম, মো. শাহ আলম ও আল মামুন। কিন্তু বরগুনা জেলা রেজিস্ট্রারের অনুমতি না নিয়েই এ গাছ কাটা হয়েছে। এদিকে জসীম উদ্দিন গত জুনে অবসরে যান।

ফজলুল হক বলেন, ওই ২০০ ঘনফুট গাছের আনুমানিক দাম ১ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

বরগুনা জেলা রেজিস্ট্রার মকবুল হোসেন বলেন, মৌখিক অনুমতি নিয়ে ওই গাছ কাটা হয়েছিল। তবে গাছের টাকা আত্মসাতের বিষয়টি তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।