সরকারি গাছ কাটার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে গতকাল শুক্রবার কালাম মিয়া (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালাম উপজেলার খলেয়া গ্রামের বাসিন্দা।
উপজেলা ভূমি কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুকুলের বাজারের কাশিয়াবাড়ী কাঁচা সড়কের পাশে বিভিন্ন ধরনের সরকারি গাছ লাগানো আছে। ওই বাজারের ২০০ গজ দক্ষিণে ১০ হাজার টাকা মূল্যের একটি বটগাছ গতকাল দুপুরে কাটেন কালাম। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে ওই বাজার থেকে কালামকে গ্রেপ্তার করে পুলিশ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, কালামের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তবে সরকারি গাছ কাটার অভিযোগে গতকাল তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (আজ) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।