সরকারি গাছ কেটে নিচ্ছেন চেয়ারম্যান
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ১৩ নম্বর আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১২০টি গাছ কেটে নেওয়া হয়েছে।
লেবুখালী ইউপি চেয়ারম্যানের লোকজন গত বুধবার থেকে তিন দিনে ওই গাছগুলো কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সকালে দুমকি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের দাতা সদস্য হাবিবুর রহমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার সিকদারের বিরুদ্ধে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, তাঁর দাদা মরহুম মোক্তার আলী হাওলাদারের দান করা ৫০ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এসএ রেকর্ডে একই দাগ ও খতিয়ানে জনৈকা ফটিকজান বিবির নামে ওই জমি ভুলে রেকর্ড হয়। এ কারণে এলাকার জনৈক ফজলুল হক সিকদার ও পরে ইউপি চেয়ারম্যান জব্বার সিকদার একটি কবলা দলিল রেজিস্ট্রি করে জোরজবরদস্তিমূলক বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা করেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর প্রভাব খাটিয়ে ওই সম্পত্তিতে তিনি ভয়ভীতি দেখিয়ে চাষাবাদও করেন। পরে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওই জায়গা ফেরত পায়।
কিন্তু ইউপি চেয়ারম্যান আবারও বিদ্যালয়ের সম্পত্তি পুনঃদখলের জন্য মরিয়া হয়ে ওঠেন। তিন দিন ধরে ওই জমি দখলের উদ্দেশ্যে তিনি তাঁর ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রকাশ্যে বিদ্যালয়ের মাঠ ও সীমানায় থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের রেইনট্রি, কড়ই, চাম্বলসহ বিভিন্ন জাতের ১২০টি গাছ কেটে নিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে লেবুখালী ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার বলেন, ‘সরকারি স্কুলের গাছ আমি কাটিনি। আমি শুধু আমার কবলাকৃত জমির গাছ কেটেছি। এতে কোনো অন্যায় হয়েছে বলে মনে করি না।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, গাছ কাটা হচ্ছে শোনার সঙ্গে সঙ্গে তিনি তা বন্ধ করে দেন। এখন দুই পক্ষের কাগজপত্র আনতে বলা হয়েছে। সবকিছু দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।