সরকারি গাছ কেটে নিলেন আ.লীগ নেতা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের দুই পাশ থেকে চারটি সরকারি গাছ কেটে নিয়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা ও স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত রোববার তিনি শ্রমিক দিয়ে গাছগুলো কেটে নিয়ে যান।
স্থানীয় এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, জুড়ী-লাঠিটিলা সড়কের দুই পাশে বেশ কিছু বিভিন্ন জাতের সরকারি গাছ রয়েছে। রোববার গোয়ালবাড়ীর ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ শ্রমিকদের দিয়ে ওই সড়কের গোয়ালবাড়ী বাজার এলাকার দুই পাশ থেকে (তিন থেকে সাড়ে তিন ফুট বেড়ের) চারটি গাছ কাটান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে পাশের গোয়ালবাড়ী ইউপি কার্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষে রাখা হয়। শাহাব উদ্দিন গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে দেখা গেছে, সড়কের পাশে কাটা গাছের ডালপালা শুকিয়ে পড়ে আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিন-চারজন ব্যবসায়ী বলেন, গাছের খণ্ডগুলো চেরাইয়ের জন্য গতকাল সকালের দিকে উপজেলা সদরে করাতকলে নিয়ে যাওয়া হয়েছে।
গাছ কাটার কথা স্বীকার করে শাহাব উদ্দিন আহমদ ্রথম আলোকে বলেন, গোয়ালবাড়ী ইউপি কার্যালয়ের পুরোনো টিনশেডের আধা পাকা ভবনে ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম চলে। ওই ভবনের সামনের বারান্দায় লাগানো কাঠ নষ্ট হয়ে গেছে। সেখানে ব্যবহারের জন্য সড়কের পাশের চারটি গাছ কাটা হয়েছে। গাছগুলো তিনি বিভিন্ন সময় লাগিয়েছেন বলে দাবি করেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি এ ব্যাপারে ‘লেখালেখি’ না করতে এ প্রতিবেদককে অনুরোধ করেন।
সওজ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল ওয়াহেদ চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সওজের জুড়ী অফিসের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (কার্যসহকারী) আমাকে ফোনে বলেছেন, সড়কের পাশ থেকে এক ইউপি চেয়ারম্যান নাকি কয়েকটি সরকারি গাছ কেটে নিয়েছেন। তাঁকে রিপোর্ট করতে বলেছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’