সরকারি গাছ কেটে বিক্রি করলেন আ.লীগ নেতা

বগুড়ার ধুনটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে বন বিভাগের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে বন বিভাগের লোকজন গাছগুলো স্থানীয় দুটি করাতকল থেকে উদ্ধার করেছেন।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলার চিকাশি ইউনিয়নের হোটিয়ারপাড়া থেকে ঝিনাই গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। উপজেলা বন বিভাগের পক্ষ থেকে প্রায় ১২ বছর আগে ওই রাস্তার দুপাশ দিয়ে ইউক্যালিপটাসগাছ রোপণ করা হয়। গাছগুলো বেশ বড় হয়েছে। এ অবস্থায় গতকাল বুধবার ভোরে চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন তাঁর লোকজন দিয়ে ওই রাস্তায় নাদু মিয়ার বাড়ির কাছ থেকে চারটি ইউক্যালিপটাসগাছ কাটেন। পরে গাছগুলো হোটিয়ারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের কাছে বিক্রি করেন। তিনি এই গাছগুলো রাস্তা থেকে নিয়ে জোড়শিমুল বাজারে আবু হানিফ ও হাফিজুর রহমানের করাতকলে রাখেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন দুপুরে সেখান থেকে গাছগুলো উদ্ধার করেন। এগুলোর দাম প্রায় ২০ হাজার টাকা।
করাতকল দুটির মালিক আবু হানিফ ও হাফিজার রহমান বলেন, বুধবার ভোরে আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের লোকজন এই গাছের গুঁড়িগুলো করাতকলে রেখে যান। এগুলো কোথা থেকে কেটে আনা হয়েছে তা তাঁরা জানেন না।
চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বলেন, ‘আমি ভোরবেলায় বাড়ি থেকে জোড়শিমুল বাজারে যাচ্ছিলাম। এ সময় রাস্তার পাশ থেকে বন বিভাগের গাছগুলো আমজাদ হোসেনসহ তাঁর লোকজনকে কাটতে দেখে উপজেলা প্রশাসনকে জানিয়েছি।’ তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল করি বলেই কি সরকারি গাছ কাটা যায়?’
জানতে চাইলে চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন বলেন, ‘এলাকায় বিদ্যুতের তার টানানোর সময় গাছের ডালগুলো সমস্যার সৃষ্টি করতে পারে। এ কারণে আগে থেকে গাছের গোড়া কেটে বিক্রি করা হয়েছে। এলাকার স্বার্থে এই টাকা বিদ্যুৎ সংযোগের সময় খরচ করা হবে।’
ভারপ্রাপ্ত উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে গাছগুলো উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।