রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিলনয়াবাদ এলাকায় রাস্তার দুই পাশের সরকারি গাছ কেটে সাবাড় করা হচ্ছে। এক মাসে কেটে নেওয়া হয়েছে শতাধিক গাছ। এ ঘটনার ‘মূল হোতা’ একই ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান মুসুল্লী বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বিলনয়াবাদ এলাকায় রাস্তার দুই পাশে ১৯৯০-এর দশকে নানা জাতের গাছ লাগানো হয়। কয়েক মাস আগে ডালপালা শুকিয়ে গিয়ে কয়েকটি গাছ মারা যায়। চেয়ারম্যানের লোকজন প্রথম দিকে মরা গাছের ডালপালা কেটে নেন। এরপর অন্য গাছ কাটা শুরু হয়। এক মাসের মধ্যে বিলনয়াবাদ এলাকার শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে কমপক্ষে ১২টি বড় শিশু গাছ কেটে স্থানীয় কুটির হাটের আশপাশের বিভিন্ন করাতকলে নেওয়া হয়েছে।
গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে কেটে নেওয়া গাছের গোড়া রয়েছে। কিছু কিছু গোড়া আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ছাড়া কোনো কোনো গাছের গোড়া মাটি খুঁড়ে তুলে নেওয়া হয়েছে।
রূপপুর গ্রামের বাসিন্দা ও কুটির বাজার এলাকার করাতকলের শ্রমিক শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামিম শেখ নামের এক ব্যক্তির নেতৃত্বে এসব গাছ তাঁদের করাতকলে আনা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে এসব গাছ সরকারি বা চোরাই কি না, তা তিনি জানতেন না।
করাতকলটির আরেকজন শ্রমিক আবদুর রাজ্জাক জানান, তাঁদের এখানে আনা গাছের দাম কমপক্ষে তিন লাখ টাকা হবে।
জানতে চাইলে স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব গাছ কাটার মূল হোতা হলেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান। চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা সরকারি গাছ অবৈধভাবে কেটে নিচ্ছেন। বিষয়টি তিনি বিভিন্ন মহলকে অবহিত করেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি। শামিম শেখ একাধিকবার মুঠোফোন ধরলেও এ বিষয়ে কোনো কথা বলেননি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়টি আমি জানতাম না। জানার সঙ্গে সঙ্গে গাছ কাটা বন্ধ করেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’