সরকারি গাছ বিক্রি করলেন সাবেক ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার ৭৪টি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো আটকে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ছালেহা জহুরা উচ্চবিদ্যালয় থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তার পাশ দিয়ে প্রায় ২০ বছর আগে দেড় শতাধিক ইউক্যালিপটাসগাছ লাগানো হয়। ভান্ডারবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান নেছারুল ইসলাম ওই গাছগুলোর ৭৪টি গত বুধবার দুই লাখ টাকায় স্থানীয় ব্যবসায়ী ফরিদ উদ্দীনের কাছে বিক্রি করে দেন। ওই দিনই ফরিদ উদ্দীন গাছগুলো কেটে নেওয়ার সময় স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে দেন।
ব্যবসায়ী ফরিদ উদ্দীন বলেন, ‘ভান্ডারবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান নেছারুল ইসলামের কাছ থেকে গাছগুলো কিনেছি। এ কারণে সেগুলো কেটে নিয়ে যাচ্ছি।’
ভান্ডারবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান নেছারুল ইসলাম বলেন, ‘আমার জমির ভিতর দিয়ে রাস্তা হয়েছে। রাস্তার পাশ দিয়ে গাছগুলো আমি নিজে রোপণ করেছিলাম।’