সরকারি গাছ বিক্রি করে দিলেন ইউপি সদস্য!
যশোরের অভয়নগর উপজেলার বিভাগ্দী গ্রামে সড়কের পাশ থেকে দুটি মেহগনিগাছ কেটে নেওয়া হয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান মোড়ল ওরফে মনা স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ওই সড়কের চারটি গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
বাঘুটিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘বিভাগ্দী গ্রামে শংকরপাশা-ভাটপাড়া সড়কে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি বড় গাছ রয়েছে। গত শুক্রবার দুটি বড় মেহগনিগাছ কেটে নেওয়া হয়েছে। গতকাল শনিবার কয়েকজন শ্রমিক আরও দুটি রেইনট্রি গাছ কাটছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ভাটপাড়া তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। আমাদের দেখে শ্রমিকেরা দৌড়ে পালিয়ে যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’
ভাটপাড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কবিরুজ্জামান বলেন, ‘কয়েকজন শ্রমিক গাছের ডালপালা ছেঁটে মূল গাছ কাটছিলেন। সেখানে পৌঁছানোমাত্র তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি ভটভটি, কিছু ডাল এবং শ্রমিকদের ফেলে যাওয়া কয়েক জোড়া স্যান্ডেল পেয়েছি। সেগুলো ফাঁড়িতে নিয়ে এসেছি।’
যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে সরেজমিনে খোঁজ নিচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, গাছগুলো কিনেছেন বাঘুটিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী ইকবাল হোসেন। তিনি বলেন, ‘মনা মেম্বারের (আবদুল মান্নান) কাছ থেকে কুড়ি হাজার টাকায় চারটি গাছ কিনেছি। গাছগুলো সরকারি কি না জানি না। বিষয়টি ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারও জানেন।’
ইউপি সদস্য আবদুল মান্নান মোড়ল বলেন, ‘আমি কোনো গাছ বিক্রি করিনি। সড়কের পাশের জমির মালিক গাছ বিক্রি করেছেন। আজ (গতকাল) গাছ বিক্রির টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ঝামেলার কারণে ওই ব্যবসায়ী টাকা দেননি। চেয়ারম্যান সাহেব বিষয়টি নিয়ে শোনামেলা করবেন।’
বাঘুটিয়া ইউপির চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, ‘কে বা কারা গাছ বিক্রি করেছেন, তা আমি জানি না। এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।