সরকারি গাড়িতে প্রার্থীর শোভাযাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্বাস আলী সরকারি গাড়ি ব্যবহার করে আজ মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাসহকারে মাজার জিয়ারত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও নির্বাচন কর্মকর্তারা এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আব্বাস আলী দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ’ নেতা-কর্মী নিয়ে রাজশাহী চিনিকলের গাড়ি ও মোটরসাইকেল বহরে শোভাযাত্রাসহকারে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও হজরত শাহ মখদুমের (রহঃ) মাজার জিয়ারত করেন।

আব্বাস আলী বলেন, তিনি মোটরসাইকেলে চড়ে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। রাজশাহী চিনিকল শ্রমিক লীগের নেতা-কর্মীরা চিনিকলের গাড়িটি ব্যবহার করেছেন। নির্বাচনী প্রচারণা চালাতে তিনি কোনো গাড়ি ব্যবহার করেননি।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কাল বুধবার থেকে দলীয় প্রার্থীরা স্বল্প পরিসরে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গাড়িতে করে কর্মী-সমর্থক নিয়ে যাওয়াটা শোভাযাত্রার মধ্যেই পড়ে। এ ধরনের কাজে একজন বৈধ প্রার্থী কোনো সরকারি যানবাহন ব্যবহার করতে পারেন না। তবে এ ব্যাপারে তাঁদের কাছে কেউ লিখিত কোনো অভিযোগ করেননি।