সরকারি গুদামে গম বিক্রিতে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামের গমচাষি বেলায়েত হোসেন ১৯ জুন উপজেলার বনপাড়া সরকারি খাদ্যগুদামে এক ট্রলি গম নিয়ে আসেন বিক্রি করার জন্য। কিছু লোক নিজেদের খাদ্য বিভাগের লোক পরিচয় দিয়ে গম বিক্রি বাবদ টনপ্রতি আড়াই হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি বেলায়েত হোসেন সরাসরি খাদ্যগুদামের কর্মকর্তাকে জানালে তিনি ওই লোকদের সঙ্গে আপস করে আসার পরামর্শ দেন। এতে বিরক্ত হয়ে তিনি গম বিক্রি না করে ফিরে যান।

একই উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের আক্কেল আলীর ছেলে ওমেদ আলী ২১ জুন তিন টন গম বিক্রি করতে এসে একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হন। তবে তিনি এতে বিরক্ত হননি। তিনি টনপ্রতি আড়াই হাজার টাকা ঘুষ দিয়ে গম বিক্রি করে গেছেন। একই গ্রামের আবদুল আজিজের ছেলে বাছের উদ্দিন আড়াই টন গম বিক্রি করেন একইভাবে। তাঁদের ভাষ্যমতে, গুদামে গম সরবরাহের আগেই প্রধান ফটকে অপরিচিত লোকেরা নিজেদের খাদ্য নিয়ন্ত্রক ও গুদাম কর্মকর্তার প্রতিনিধি দাবি করে ঘুষ দাবি করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বড়াইগ্রামে সরাসরি চাষিদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ৮২০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়।

৬ জুন সংগ্রহের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনওর উপস্থিতিতে গম সংগ্রহ নিয়ে বিতর্ক না উঠলেও পরের দিন থেকে নানা অনিয়ম শুরু হয়। উপজেলার বিভিন্ন গ্রামের চাষিদের নামের কার্ড ব্যবহার করে কর্মকর্তা এবং তাঁদের নিয়োজিত লোকেরা গম সরবরাহ শুরু করেন।

সরেজমিন ১৬ জুন বনপাড়া খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, ওই দিন ৫০ টন এবং পরের দিন ৮৯ দশমিক ৫ টন গম কেনেন গুদাম কর্মকর্তা। এই দুই দিনযেসব চাষির কার্ড ব্যবহার করা হয়েছে, কেউ কেউ তাঁদের কার্ডে গম সরবরাহের বিষয়ে কিছুই জানেন না।

তবে তাঁদের কার্ড দিয়ে যাঁরা গম সরবরাহ করেছেন, তাঁরা নির্ধারিত ঘুষ দিয়েই গম বিক্রি করেছেন। বিশেষ এই সুবিধাভোগী লোকজন সাধারণ কৃষকদের কার্ডগুলো নিজেরাই সংগ্রহ করে এনে তাঁদের নামে গম সরবরাহ করেছেন।

এ ব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) রুহুল আমিন বলেন, তাঁরা কৃষকদের তো চেনেন না। তাঁরা কার্ডের ফটোকপি রেখে দিয়ে গম কেনেন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হলে তা তাঁদের পক্ষে দেখা সম্ভব নয়। আর বেলায়েত হোসেন নামের কোনো কৃষক তাঁর কাছে অভিযাগ দেননি বলে দাবি করেন তিনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোকলেস আল-আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, খাদ্যগুদামে চাষি ছাড়া কারও গম কেনা হয়নি। আর তিনি বা তাঁর কোনো লোকের ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না।

ইউএনও ইশরাত ফারজানা বলেন, ‘গম ক্রয় অভিযান সাধ্যমতো মনিটরিং করা হয়েছে। এরপরও অনিয়ম হয়ে থাকলে সে বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি।