সরকারি ঘোষণার পরও শুরু হয়নি গম কেনা
সরকার ন্যায্যমূল্যে গম কেনার ঘোষণা দিলেও ঠাকুরগাঁওয়ের সরকারি গুদামে গম কেনা এখনো শুরু হয়নি। নিরুপায় হয়ে কৃষকেরা ফড়িয়াদের কাছে কম দামে গম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে সংগ্রহমূল্য বাড়ালেও চাষিরা সুফল পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৬ হাজার ৯৮৬ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সভায় কৃষকদের কাছ থেকে সরাসরি ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা দরে সরকারি খাদ্যগুদামে গম কেনার সিদ্ধান্ত হয়। এই গম সংগ্রহের জন্য খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) ইলাহী দাদ খান গত ১ এপ্রিল আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রকের কাছে একটি চিঠি দেন। সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁওয়ে ২১ হাজার ১১৭ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়।
সরকারি মূল্যে গুদামে গম বিক্রি করতে গেলে কৃষককে (কৃষি কার্ডের ভিত্তিতে) সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে গুদামে আসতে হবে। এদিকে খাদ্য অধিদপ্তরের চিঠি অনুযায়ী গত ১ এপ্রিল থেকে গম কেনা শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা শুরু হয়নি।
রানীশংকৈল উপজেলার রাতোর গ্রামের চাষি হারেছ উদ্দিন বলেন, সরকারিভাবে গম কেনা শুরু না হওয়ায় বাজারে গমের দাম পড়ে যাচ্ছে। ফলে চাষিরা ফড়িয়াদের কাছে কম দামে গম বিক্রি করছেন। এতে খরচ বাদ দিয়ে কৃষকের হাতে তেমন কিছু থাকছে না। কাটা-মাড়াই মৌসুমের শুরু থেকেই সরকার গম কেনা শুরু করলে কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য পেতেন।
সদর উপজেলার আকচা গ্রামের গমচাষি জীতেন্দ্র রায় জানান, তিনি দুই বিঘা জমিতে গমের চাষ করেছেন। এ বছর ওই জমিতে গম উৎপাদন হয়েছে প্রায় ২৬ মণ। সরকারিভাবে গম কেনা শুরু না হওয়ায় তিনি বাজারে প্রতি মণ গম ৬৩০ টাকা দরে বিক্রি করে দিয়েছেন। অথচ সরকার কৃষকদের কাছ থেকে প্রতি মণ গম কেনার ঘোষণা দিয়েছে এক হাজার ১২০ টাকায়।
বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের কৃষক আবদুর রশীদ অভিযোগ করেন, ইচ্ছা করেই খাদ্য বিভাগ গম কাটার পর থেকে গম কেনে না। কারণ এ সময় গম কেনা হলে বাজারে গমের দাম বেড়ে যাবে, লাভবান হবে কৃষক।
সদর উপজেলার রহিমানপুর গ্রামের গমচাষি মফিজ উদ্দিন বলেন, মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে ফসল আবাদ করেন অনেকে। ফসল ওঠার সঙ্গে সঙ্গে সেগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করতে হয়। কৃষক গোলায় গম রেখে পরে তা সরকারি গুদামে বিক্রি করতে পারেন না।
জেলা খাদ্যশস্য ক্রয় কমিটির সদস্যসচিব ও জেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক নূর বলেন, গম কেনার প্রক্রিয়া চলছে। কয়েক দিনের মধ্যে গম কেনা শুরু হয়ে যাবে।