সরকারি চাকুরে যুবলীগের নেতা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবলীগের সম্মেলনে সরকারি চাকরিজীবী রাসেল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাসেল উপজেলার পাহাড়পুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।
শনিবার বিকেলে উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রাসেল পদ পাওয়ায় সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অন্য নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্মেলনে সাধারণ সম্পাদকপ্রত্যাশী আবু কাউছার ভূইয়া বলেন, ‘রাসেল খান বিজয়নগর উপজেলায় সরকারি চাকরি করেন। একজন সরকারি চাকরিজীবী হয়ে তিনি কীভাবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়েছেন, প্রকাশ্যে রাজনীতি করছেন—তা আমার বোধগম্য নয়।’ তিনি বলেন, সরকারি চাকরিজীবী হওয়ায় রাসেল খানের প্রার্থিতা বাতিলের জন্য তিনি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল খান খোকন বলেন, সরকারি চাকরিজীবী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হতে পারবে না—এমন কথা যুবলীগের গঠনতন্ত্রে নেই।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক অরবিন্দ দত্ত বলেন, রাসেল খান বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে ২০১১ বা ২০১২ সাল থেকে কর্মরত আছেন। তবে তিনি বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়েছেন কি না তা তাঁর জানা নেই।
রাসেল খান বলেন, ‘এর আগেও আমি তিন বছর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি।’