সরকারি চাল বিতরণে অনিয়ম করায় ডিলারশিপ বাতিল ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল (১০ টাকার চাল) বিতরণে অনিয়মের দায়ে এক পরিবেশককে জরিমানা এবং তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে। তাঁর নাম হাফিজুর রহমান। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন এ আদেশ দেন।

হাফিজুর রহমান উপজেলার কাউখালী সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নে ১০ টাকা মূল্যে চাল বিক্রি তদারকি করতে যান ইউএনও মোছা. খালেদা খাতুন। এ সময় তিনি ২০১৮ ও ২০১৯ সালে ২৪টি কার্ডের নামে চাল বিক্রিতে অনিয়ম পান। চাল বিক্রির মাস্টাররোল যাচাই–বাছাই করে তথ্যে গরমিল পান। এরপর তদন্ত করে দেখেন, ২৪ কার্ডের বিপরীতে ১ হাজার ৪১০ কেজি চাল কার্ডধারীদের কাছে পরিবেশক বিক্রি না করে মাস্টাররোল বিক্রি দেখিয়েছেন। এ বিষয়ে গতকাল রাতে সভা হয়। সভায় বিধি অনুযায়ী চালের দ্বিগুণ মূল্য হিসেবে পরিবেশক হাফিজুর রহমানকে ১ লাখ ২২ হাজার ৬৪২ টাকা জরিমানা এবং তাঁর ডিলারশিপ বাতিল করা হয়।

ইউএনও মোছা. খালেদা খাতুন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পিরোজপুরের কাউখালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ৯৭২ জন দরিদ্র ব্যক্তিকে খাদ্যবান্ধব কার্ড দেওয়া হয়েছে। একজন কার্ডধারী প্রতি মাসে কেজিপ্রতি ১০ টাকা মূল্য দিয়ে ৩০ কেজি চাল কিনতে পারছেন। বছরের পাঁচ মাস তাঁরা এ সুবিধা পান।