সরকারি চাল বিতরণের তালিকা করাসহ পূর্ববিরোধের জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর-চকবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে গতকাল সোমবার আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম, মিলন হোসেন, আতোয়ার হোসেন, আলমগীর হোসেন, আবদুর রাজ্জাক, বিপুল হোসেন, তোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেন ও আবদুল হাকিম।

জাহাঙ্গীর ও মিলনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবার বাড়ি গোবিন্দপুর-চকবাড়িয়া গ্রামে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির গতকাল বলেন, ১০ টাকা কেজি দরের চালের সুবিধাভোগ​ীদের তালিকা করাসহ পূর্ববিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর থেকে ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলমেরপক্ষের সঙ্গে জয়ী সদস্য মিলন হোসেনের অনুসারী হিসেবে পরিচিত দুলু মিয়া ও খোরশেদআলম পক্ষের বিরোধ চলে আসছে।

সম্প্রতি ১০ টাকা কেজি দরের চালের সুবিধাভোগীদের নামের তালিকা তৈরি নিয়েও দুপক্ষে বিরোধ বাধে।

বিষয়টি সুরাহা করার জন্য চাঁপাপুর ইউপির চেয়ারম্যান শামসুল হক গতকাল সকালে উভয় পক্ষকে পরিষদের কার্যালয়ে ডেকে পাঠান। এতে সাড়া দিয়ে প্রথমে দুলু মিয়া ও খোরশেদ আলমের পক্ষ সেখানে যায়।

জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সকাল সাড়ে নয়টার দিকে আবদুল হাকিমের বাড়ির কাছে পৌঁছান। সেখানে দুলু-খোরশেদ পক্ষের লোকজন জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে।

এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে দুলু মিয়া ও খোরশেদআলমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে ইউপি চেয়ারম্যান শামসুল হক বলেন, চালের তালিকা নিয়ে বিরোধ হয়নি। আগের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।