সরকারি চালসহ ইউপি সদস্য আটক
দিনাজপুরের খানসামা উপজেলায় গতকাল সোমবার খাদ্যবান্ধব কর্মসূচির আট বস্তা চালসহ গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের দিন রোববার কয়েক হাজার হতদরিদ্র মানুষ ওই কর্মসূচির চালের জন্য উপজেলা শহরে মিছিল করে।
গ্রেপ্তার হওয়া ইউপি সদস্যের নাম পুলিন চন্দ্র রায়। তিনি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। থানা হাজতে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেবুর রহমান গতকাল দুপুর ১২টায় অভিযান চালান। এ সময় পুলিন চন্দ্র রায়ের বাড়ি থেকে ১০ টাকা কেজি দরে বিক্রির ৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, গতকাল বিকেলে ওই ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, রোববার বেলা ১১টায় সিপিবির খানসামা উপজেলা শাখার উদ্যোগে কয়েক হাজার হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজি দরে চালের দাবিতে বিক্ষোভ মিছিল করে। তারা এ দাবিতে ইউএনওর কার্যালয় ঘেরাও করে তাঁর কাছে স্মারকলিপি দেয়।