সরকারি জমি থেকে প্রয়াত সাংসদের কার্যালয় উচ্ছেদ
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রয়াত সাংসদ মজিবুর রহমান ফকিরের প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু চত্বর’সংলগ্ন কার্যালয়সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কার্যালয় উচ্ছেদ ও সেখানে থাকা মালামাল সরিয়ে নিয়ে জায়গাটির দখল বুঝে নেয় প্রশাসন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রয়াত সাংসদ মজিবুর রহমান ফকির নিজ উদ্যোগে গৌরীপুর উপজেলা পরিষদের সামনে জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করেন। পরে তিনি ওই জায়গার নামকরণ করেন ‘বঙ্গবন্ধু চত্বর’। গত ২ মে মজিবুর রহমান মারা যাওয়ার আগ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম ওই বঙ্গবন্ধু চত্বর থেকেই পরিচালিত হতো। প্রশাসনের অনুমতি না নিয়ে ওই এলাকায় সরকারি জায়গায় দখল করে কার্যালয় বানানো হয়। এ ছাড়াও চত্বর ঘিরে কয়েক শ গজ এলাকায় নির্মাণ করা হয় টিনের ছাদ। সেখানে লাগানো হয় বৈদ্যুতিক বাতি, পাখা এবং সিসি ক্যামেরা।
সম্প্রতি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের একটি পক্ষ ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সচেষ্ট হন। একই সময় মজিবুর রহমানের স্ত্রী নাসিমা আনোয়ার ওই চত্বরে থাকা মালামাল নিজের স্বামীর বলে দাবি করে ফেরত চান। গত রোববার দিনভর পুলিশের উপস্থিতিতে ট্রাকে করে ওই চত্বর থেকে সব মালামাল খুলে নেওয়া হয়। এ সময় নাসিমা আনোয়ারকে মালামাল নিতে বাধা দেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একাংশ। পরে এসব মালামাল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে নাসিমা আনোয়ার দাবি করে বলেন, ‘মালামাল আমার স্বামীর টাকায় কেনা ছিল বলে আমি নিতে আগ্রহী। সাময়িকভাবে এগুলো থানায় রাখা হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাশ দাবি করেন, ওই মালামাল বিভিন্ন সময় নেতা-কর্মীরা দেন। মালামাল নিয়ে যাতে কোনো বিরোধ সৃষ্টি না হয়, সে জন্য তা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।