সরকারি জমি দখল করে আ.লীগ নেতার বহুতল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভায় সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন সেখানে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে।

জাহাঙ্গীর হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে। থাকেন পৌরসভার পাবলিক মাঠের পূর্ব পাশে।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, পৌরসভা বাজারের উত্তর পাশে সাড়ে ১১ শতাংশ সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়েছে। জমির চারপাশে টিনের বেড়া দেওয়া হয়েছে। পাইলিং করার জন্য আনা হয়েছে মেশিন। এ ছাড়া রয়েছে রড ও অন্যান্য নির্মাণসামগ্রী। শ্রমিকেরা বলেন, কাজ দেখভাল করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে একজন প্রকৌশলীকে। এক সপ্তাহ আগে নির্মাণকাজ শুরু হয়েছে। দুদিন ধরে কাজ বন্ধ রয়েছে।

স্থানীয় লোকজন ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সাড়ে ১১ শতাংশ জমির মধ্যে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১০৬৬ দাগের ৭ শতাংশ জমি, যা দৈনন্দিন বাজারের জন্য নির্ধারিত এবং ১০৫৪ নম্বর দাগের ১ শতাংশ জমি জনসাধারণের যাতায়াতের জন্য নির্ধারিত। এ ছাড়া রয়েছে খাল ভরাটের ৪ শতাংশ ও দেড় শতাংশ অর্পিত সম্পত্তি (‘ক’ তফশিলভুক্ত)।

 সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি হাটবাজার, খরস্রোতা খাল ও জনসাধারণের যাতায়াতের জন্য সরকারি হালট ও অর্পিত সম্পত্তি বন্দোবস্ত কিংবা এক বছরের জন্য ডিসিআর দেওয়ার কোনো বিধান নেই। উপজেলা ভূমি কার্যালয়ে সংরক্ষিত কাগজপত্র অনুযায়ী সরকারি নীতিমালাকে উপেক্ষা করে সে কাজটিই করার চেষ্টা করেছেন জাহাঙ্গীর হোসেন।

নথিপত্র সূত্রে জানা যায়, ২০০৯-১০ সালে নামজারি কেসের মাধ্যমে সরকারি ওই সম্পত্তি নিজ নামে রেকর্ড সংশোধন করেছেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু রেকর্ড সংশোধনের পৃষ্ঠায় সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর নেই। এ ছাড়া সরকারি খালের ২ শতাংশ জমি বন্দোবস্ত নিয়েছেন মর্মে উল্লেখ করা হয়েছে। সেখানেও নেই সহকারী কমিশনারের অনুমোদনের স্বাক্ষর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, হাটবাজারের জায়গা দখল করে বহুতল ভবনের বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। অথচ জায়গার অভাবে কাঁচাবাজার, ফল, দুধ ও পানের দোকান নিয়ে রাস্তার ওপর বসতে হয়।

এসব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি কবলা সূত্রে ওই জমির মালিক।’ কীভাবে সরকারি জমি কবলা করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈধভাবেই করা হয়েছে।

ইউএনও মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ওই জায়গায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাটবাজার, খরস্রোতা খাল ও জনসাধারণের যাতায়াতের জন্য সরকারি হালট ও অর্পিত সম্পত্তি বন্দোবস্ত কিংবা এক বছরের জন্য ডিসিআর দেওয়ারও কোনো সুযোগ নেই।