
ভোলার মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে আনসার-ভিডিপির মহাপরিচালক ও উপজেলা প্রাণিসম্পদের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আদালতের মাধ্যমে ফয়সালা করার পরামর্শ দিয়ে গত শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
মনপুরা আনসার-ভিডিপি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল হাইসহ একাধিক সদস্য বলেন, উপজেলা সদরের চরজ্ঞান মৌজার ৭২ শতক জমির মালিকানা এই সমিতির। এ ছাড়া আরও ৮ শতক জমি রয়েছে আনসার-ভিডিপির মহাপরিচালকের নামে। ১৯৯০ সালের ২৯ মে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে এ জমির দলিল করা হয়। কিন্তু সমিতির সদস্যদের সই জাল করে সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম এ জমি ছাত্রলীগের সভাপতি মো. সামসুদ্দিনকে ইজারা দিয়েছেন।
সমিতির বর্তমান সাধারণ সম্পাদক লিটন ফরাজী বলেন, ওই ৮ শতক জমিতে ১৯৯০ সালে তাঁরা অস্থায়ী ভিত্তিতে সমিতির কার্যালয়ের জন্য একটি ঘর নির্মাণ করেন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে সেটি উড়ে যায়। আর ঘর নির্মাণ করা হয়নি। সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামসুদ্দিন ওই জমিতে বালু ফেলে ভরাট করে বহুতল ভবন তোলার কাজ শুরু করেছেন। এ কারণে সমিতি বিভিন্ন দপ্তরে জমি দখলমুক্ত করতে আবেদন করেছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্বে থাকা তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ১৯৯৮ সালে এক একর জমি কেনে। শহরের মধ্যে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় এ জমির ওপর সবার লোভ। আশপাশের সবাই পিলার (সীমানা খুঁটি) ভেঙে দখলের পাঁয়তারা করছেন। ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন আনসার-ভিডিপির মহাপরিচালকের ৮ শতক জমিতে বালু ফেলে চলতি মাসে পাঁচ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। একই সঙ্গে প্রাণিসম্পদের ৫৫০ বর্গফুট জমি দখল করেছেন। তাই তিনি পুলিশের সাহায্য চেয়ে আবেদন করেছেন।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন বলেন, তাঁকে আনসার-ভিডিপি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম ওই জমি লিজ (ইজারা) দিয়েছেন। শুধু তাঁকে নয়, আরও ১৫ জনকে প্লট করে লিজ দিয়েছেন। যদি অন্যদের জমির লিজ বৈধ হয়, তাঁরটা কেন হবে না।
২০১০ সালে সমিতির তিন বছর মেয়াদি কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মো. নুর ইসলাম। তিনি নিজেকে এখনো সাধারণ সম্পাদক দাবি করেন। তিনি বলেন, মহাপরিচালকের জমির দেখভালের দায়িত্ব স্থানীয় আনসার-ভিডিপি বহুমুখী সমবায় সমিতির। সমিতির সব সদস্যের মতামতের ভিত্তিতে ছাত্রলীগের সভাপতিসহ অন্যদের জমি লিজ দেওয়া হয়েছে।
তবে সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নুর ইসলাম সমিতির সাধারণ সম্পাদক পদে নেই। তিনি ডান হাতে-বাঁ হাতে স্বাক্ষর করে ওই সব জমি লিজ দিয়েছেন।
জেলা আনসার ভিডিপির কমান্ডার আবু সুফিয়ান বলেন, মহাপরিচালকের নামের জমি কেউ লিজ দিতে পারবেন না। তিনি ওপর মহলকে ঘটনাটি জানাতে ঢাকায় অবস্থান করছেন। ওপর মহলের নির্দেশে ব্যবস্থা নেবেন।
জানতে চাইলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আনসার-ভিডিপি, প্রাণিসম্পদ ও ছাত্রলীগের সভাপতি—তিন পক্ষকেইনোটিশ দিয়ে ডেকেছিলাম। সামসুদ্দিন তাঁকে লিজের কাগজপত্র দেখিয়েছেন। তবে এ কাগজের বৈধতা নেই। তিনি ছাত্রলীগের সভাপতিকে আদালতের আশ্রয় নিতে বলেছেন। আদালতের রায় নিয়ে জমির কাছে যেতে বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহাগ হাওলাদার বলেন, আনসার-ভিডিপির মহাপরিচালকের জমি অন্য কেউ লিজ দেওয়ার বৈধতা রাখেন না। ছাত্রলীগের সভাপতি অবৈধভাবে জমিতে ভবন তুলছেন। ১৭ জুন উপজেলা ভূমি অফিসের মাধ্যমেপ্রাণিসম্পদের জমি বুঝিয়ে দেওয়া হবে।