সরকারি জমি দখল করে যুবলীগ নেতার দোকান

বরিশালের গৌরনদী উপজেলায় টরকী বন্দর এলাকায় সরকারি জমি দখল করে গত শুক্রবার দোকানঘর নির্মাণ করেছেন এক যুবলীগ নেতা। দোকানে যাতায়াতে সুবিধার জন্য সরকারিভাবে তৈরি একটি সেতুর রেলিং ভেঙে ফেলা হয়েছে।
গৌরনদী সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, উপজেলার জেএল ৬৩ নম্বর সুন্দরদী মৌজার ১ নম্বর খতিয়ানের ২১৫৪ নম্বর দাগে ২০ শতাংশ জমি আছে। ওই জমি থেকে উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামের মোরশেদা বেগমকে (৫০) দুই শতাংশ জমি ইজারা দেওয়া হয়।
মোরশেদা বেগম অভিযোগ করেন, গত ২৫ বছর ধরে ওই জমি তিনি ভোগ করে আসছেন। উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন গত শুক্রবার রাতে তাঁর ভাড়াটে লোকজন নিয়ে জমি দখল করে দোকান তোলেন। পরদিন গতকাল সকালে জমিতে ঘর দেখতে পেয়ে জাকিরকে জিজ্ঞাসা করলে জাকির তাঁকে নানাভাবে হুমকি দেন। দখলকৃত ওই জমির মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী মোকলেস মীরসহ (৫৫) আরও কয়েকজন জানান, দোকানে যাতায়াতের কোনো পথ না থাকায় জাকির গৌরনদী এলজিইডি কর্তৃক নির্মিত সেতুর রেলিং ভেঙে ফেলে যাতায়াতের পথ বের করেন।
মোরশেদা বেগম জানান, ঘটনাটি জানিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় শুক্রবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
দোকান নির্মাণের কথা স্বীকার করে জাকির হোসেন বলেন, সেতুর সামান্য অংশ ভাঙায় কোনো ক্ষতি হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আমি কোনো লিখিত অভিযোগ পাইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারী বলেন, সরকারি জমি দখলমুক্ত ও সেতুর ভাঙা অংশ পুনর্নির্মাণের নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।