সরকারি জমি দখল করে স্থাপনা

ফরিদপুরের বোয়ালমারীতে ময়েনদিয়া বাজারের খোলা জায়গা দখল করে ৫০টি পাকা দোকানঘর নির্মাণ করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা মান্নান মাতুব্বর।
মান্নান মাতুব্বর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ময়েনদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য। একাত্তরের মানবতাবিরোধী অপরাধী আবুল কালাম আযাদের মামলার সাক্ষী ছিলেন তিনি।
ময়েনদিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে তোয়া বাজার নামে পরিচিত ওই বাজারের পাশে একটি সরকারি জলাশয় ভরাট করে বিগত বিএনপি সরকারের আমলে সেখানে খোলা বাজার বসানো হয়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্য নিয়ে ওই বাজারে বিক্রি করছিলেন।
এলাকাবাসী সূত্র জানায়, বাজারের ২০ শতকের মতো ওই খোলা জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা মাছ, মুরগি, আখ ও সবজি বিক্রি করতেন। এ জায়গা দখল করে ৫০টি পাকা দোকান নির্মাণ করা হচ্ছে। প্রতিটি দোকান দু-তিন লাখ টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজারের মাছ ব্যবসায়ী নওশের আলী বলেন, ‘এসব দোকানঘর তোলার সময় আমরা মান্নান মাতুব্বরকে বলেছিলাম, আমরা ছোট ব্যবসায়ী, এ জায়গা না থাকলে আমরা কোথায় বসব। তখন তিনি আমাদের পাশের স্কুলের জায়গা দেখিয়ে দেন।’ এলাকার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী হওয়ায় মান্নান মাতুব্বর প্রভাব খাটিয়ে এসব দোকান নির্মাণ করছেন।
মান্নান মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়। আমি যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের মামলার একজন সাক্ষী। এ জন্য বিএনপি-জামায়াতের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর যাঁরা ঘর তুলে দোকান করছেন, তাঁরা প্রত্যেকেই ভূমি অফিসে দরখাস্ত দিয়ে বরাদ্দ পেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘উপজেলা ভূমি কার্যালয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশা মিয়াসহ (এম এম মোশাররফ হোসেন) প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি জানেন এবং আমাকে সাহায্য করেছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, স্থানীয় কিছু জায়গা ১০-১২ জনের নামে বরাদ্দ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে উৎসাহিত হয়ে ওই এলাকার কিছু নেতা সব নিয়মনীতি লঙ্ঘন করে ৫০টি দোকান নির্মাণ করছেন। এটি সম্পূর্ণ বেআইনি কাজ।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) মো. সোহেল রানা সরেজমিনে পরিদর্শন করে ৫০ জনের নাম উল্লেখ করে তাঁদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেন। গত ৬ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান প্রত্যেককে চিঠি দিয়ে সাত দিনের মধ্যে দোকানগুলো ভেঙে ফেলার নির্দেশ দেন। তবে এখনো দোকানগুলো ভাঙা হয়নি।
ইউএনও সহিদুজ্জামান বলেন, ‘সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে নোটিশ দিয়ে দোকানগুলো ভেঙে ফেলতে বলেছি। তাঁরা দোকানগুলো না ভাঙলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, যাঁরা দোকানগুলো তুলেছেন, তাঁদের কোনো কাগজপত্র নেই। অবৈধভাবে তাঁরা সরকারি জায়গা দখল করে এ কাজটি করেছেন।