সরকারি জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আমিন জুট মিলস লিমিটেডের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংগঠনের বিরুদ্ধে। দখলে বাধা দেওয়ায় কারখানার কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালানো হয়। এতে চারজন আহত হন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আমিন জুট মিলস লিমিটেড ও বায়েজিদ থানা সূত্র জানায়, আলীনগর আদর্শ সমাজকল্যাণ সমিতি নামের একটি সংগঠন কারখানার মাঠের দক্ষিণ পাশের জায়গা দখলের চেষ্টা করে। এ খবর পেয়ে কারখানার কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে যান। তাঁরা দেখতে পান, ২০-২৫ জন ব্যক্তি সরকারি জায়গায় কয়েকটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। বিষয়টি জানতে চাইলে তাঁরা কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে নিরাপত্তারক্ষী মো. নাজমুল হোসেন, মির্জা আবদুল আউয়াল, সহকারী সমন্বয় কর্মকর্তা (প্রশাসন) সুলতান আলম ও প্রশাসনিক কর্মকর্তা আজিজ আহম্মদ চৌধুরী আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে কারখানার কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে চলে আসেন।
আমিন জুট মিলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আজিজ আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আলীনগর আদর্শ সমাজকল্যাণ সমিতি আমিন জুট মিলসের জায়গা দখল করার জন্য কাঁটাতার নিয়ে আসে এবং ওই জায়গায় ‘আলীনগর আদর্শ সমাজকল্যাণ সমিতি’ ও ‘বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’-এর সাইনবোর্ড লাগিয়ে দেয়। বাধা দিতে গেলে তারা হামলা চালায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলীনগর আদর্শ সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. জসিম হাজারী ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল মোল্লা।
আজিজ আহম্মদ চৌধুরী বলেন, আলীনগর আদর্শ সমাজকল্যাণ সমিতি কারখানার প্রায় এক একর জমি দখলের চেষ্টা করে; যার
বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এ ঘটনায় আমিন জুট মিলস লিমিটেডের প্রকল্পপ্রধান খান মো. কামরুল ইসলাম আটজনের নাম উল্লেখ করে বায়েজিদ বোস্তামী
থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, সরকারি জায়গা দখলের চেষ্টা ও আমিন জুট মিলস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।