সরকারি জমিতে আ.লীগ নেতাদের টিনের বেড়া
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সরকারি জমি দখল করে আওয়ামী লীগের নেতারা টিনের বেড়া তৈরি করেছেন। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার ভোর থেকে শুরু করে সকাল ১০টার মধ্যেই এসব বেড়া দেওয়ার কাজ শেষ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের নেতা আবু জাফর চৌধুরী, আফছার চৌধুরী, যুবলীগের সদস্য মিঠু, রনি, জিকু ও মন্টু মিলে এসব টিনের বেড়া দেওয়ার কাজ শুরু করেন। এ সময় ১২-১৪ জন শ্রমিক সমানে কাজ করেন। সকাল ১০টার আগেই তড়িঘড়ি করে এসব কাজ শেষ হয়। ফলে স্থানীয় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা ভূমি কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, বিবিরহাট বাজারে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধারে সওজের মূল্যবান প্রায় ৩ শতাংশ জমি পরিত্যক্ত পড়ে ছিল। কয়েক মাস ধরে ওই নেতারা এসব জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন। গতকাল সকালে কৌশলে তাঁরা এসব জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে বেড়া তৈরি করে দেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সওজের সরকারি জায়গা দখল করে প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের টিনের বেড়া লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। টিনের মাঝে মাঝে গাছের বিম ব্যবহার করা হয়েছে।
একাধিক ব্যবসায়ী জানান, ওই জমির বর্তমান দাম প্রায় ৫০ লাখ টাকা। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদুল ইসলামের নেতৃতে¾এই জায়গা দখল করতে টিনের বেড়াগুলো দেওয়া হয়। ব্যবসায়ীরা আরও জানান, গত বছর অবৈধ দখলদারদের কাছ থেকে এসব জায়গা দখলমুক্ত করেছিল সওজ।
এমদাদুল ইসলাম দাবি করেন, এই জায়গা তাঁদের নামে ইজারা নেওয়া। দখলস্বত্বে¾মালিক। নিজেদের দখলে রাখতে সীমানাপ্রাচীর দেওয়া হয়েছে।
অপর আওয়ামী লীগের নেতা জাফর চৌধুরী ওই সম্পত্তি নিজের দাবি করলেও কোনো কাগজপত্র দেখাননি।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফজাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকারের ওই সম্পত্তি কাউকে ইজারা দেওয়া হয়নি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’