সরকারি জমিতে ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে কালামৃধা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মিরাজ মিয়ার সঙ্গে সাবেক সদস্য রাজ্জাক মাতুব্বরের বিরোধ চলে আসছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলী খলিফা বলেন, ভাঙ্গার মালিগ্রাম-কালামৃধা আঞ্চলিক সড়কের পাশে দেওড়া বাজারে সরকারি প্রায় ২০০ বর্গফুট জায়গা দখল করে ঘর তুলছেন নুর ইসলাম মাতুব্বর। তিনি কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাজ্জাক মাতুব্বরের সমর্থক। এ ঘর নির্মাণের কাজে বাধা দেন ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিরাজ মিয়া। এ নিয়ে গত কয়েক দিন আগে মিরাজ মিয়া ও রাজ্জাক মাতুব্বরের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে মিরাজ মিয়া বাজারে গেলে রাজ্জাক মাতুব্বরের লোকজন তাঁর ওপর চড়াও হন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষে রডসহ দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়।
গতকাল সকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে বর্তমান ও সাবেক ওই দুই জনপ্রতিনিধিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মিরাজ মিয়াসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অবশ্য রাজ্জাক মাতুব্বর বলেন, তাঁর এক সমর্থক ওই ঘর নির্মাণের সময় মিরাজের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, সরকারি জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।